সাভারে সোয়েটার কারখানায় শ্রমিকদের হামলায় নিহত ১
প্রকাশ : ১৭ জুন ২০১৪, ২২:০৮
মজুরি (পিসরেট) বৃদ্ধির দাবিতে সাভারের গেন্ডা এলাকায় একটি সোয়েটার তৈরি কারখানায় শ্রমিক অসন্তোষের মুখে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
ক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ শেষে ফেরার পথে এক কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে ১০ জন শ্রমিককে আটক করেছে।
গতকাল মঙ্গলবার সাভার পৌর এলাকার আনন্দপুর এলাকায় ‘ডাইনামিক সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ কারখানার শ্রমিকরা ওই কারখানার কর্মকর্তা শাহজাহান স্বপনকে পিটিয়ে ও ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে।
নিহত শাহজাহান স্বপন (৩৫) নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মোরালস্কুল এলাকার মৃত সিরাজ মিয়ার পুত্র। তিনি ডাইনামিক সোয়েটার ইন্ডাস্ট্রিজের নমুনা সুপারভাইজার। তিনি স্বপরিবারে আনন্দপুর এলাকায় ফারুক হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বলেন, সকালে শ্রমিকরা কারখানার সামনে এসে গেটে বন্ধের নোটিস দেখে বিক্ষোভ করতে চাইলে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে শ্রমিকরা নামা গেন্ডায় একটি মাঠে জড়ো হলে সেখানে পুলিশের সাথে শ্রমিকদের ধস্তাধস্তি হয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা দুটি ভাগে ভাগ হয়ে একটি অংশ স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমানের বাড়িতে গিয়ে তাদের অভিযোগ গুলো তুলে ধরেন। পরে সাংসদ মালিক পক্ষের সাথে আলোচনা করে শ্রমিকদের অভিযোগের বিষয়টি সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা চলে যায়।
শ্রমিকদের অপর অংশ আনন্দপুর এলাকায় মালিক পক্ষের সুপারভাইজার স্বপনের ভাড়া বাড়িতে তাকে খুঁজতে যায়। তবে বাড়ির সামনে আনন্দপুর মাদ্রাসার নিকটে স্বপনকে একা পেয়ে তাকে এলোপাতাড়ি মারধর ও ইট দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি আরও জানান, দুপুরে ময়না তদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে কারখানার ১০ জন শ্রমিককে আটক করা হয়েছে।