৯৫০ মেগাওয়াটের বিদ্যুত্ কেন্দ্রে উত্পাদন হচ্ছে মাত্র ৮০
প্রকাশ : ১৭ জুন ২০১৪, ২২:১১
৯৫০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন ক্ষমতাসম্পন্ন ঘোড়াশাল তাপ বিদ্যুত্ কেন্দ্রে উত্পাদনে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। ছয়টি ইউনিটের মধ্যে চারটি ইউনিটের উত্পাদন বন্ধ। কেন্দ্রের এক ও দুই নম্বর ইউনিটে বর্তমানে বিদ্যুত্ উত্পাদন হচ্ছে ৪০ মেগাওয়াট করে মাত্র ৮০ মেগাওয়াট। বিদ্যুত্ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা যায়।
এদিকে বিদ্যুত্ উত্পাদনে বিপর্যয়ের ফলে নরসিংদীসহ বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের মাত্রা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। কল-কারখানায় উত্পাদন হ্রাস পাচ্ছে। কবে নাগাদ ইউনিটগুলো চালু হবে তা কর্তৃপক্ষ জানাতে পারেনি।
গত সোমবার রাতে ২১০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন ক্ষমতাসম্পন্ন চার নম্বর ইউনিটে হঠাত্ হাইড্রোজেন লিক করায় উত্পাদন বন্ধ হয়ে যায়। এদিকে চারদিন আগে ২১০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন ক্ষমতাসম্পন্ন পাঁচ নম্বর ইউনিটে হঠাত্ আইডি ফ্যান ভেঙ্গে চুরমার হয়ে গেলে এ ইউনিটেও বিদ্যুত্ উত্পাদন বন্ধ হয়ে যায়। অন্যদিকে, ২১০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন ক্ষমতাসম্পন্ন তিন নম্বর ইউনিটের টারবাইন রোটার নষ্ট হয়ে গেলে এর উত্পাদনও বন্ধ রয়েছে গত ১০ দিন ধরে। অপরদিকে ছয় নম্বর ইউনিটটি তিন বছর আগে এক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় এর উত্পাদন বন্ধ রয়েছে।