নোয়াখালীতে গৃহবধূকে হত্যার দায়ে স্বামী, ভাসুর ও ননদের মৃত্যুদণ্ড

গৃহবধূ আয়েশা খাতুনকে হত্যার দায়ে তার স্বামী ইব্রাহিম খলিল, ভাসুর আবদুল মিয়া ও ননদ আনোয়ারা বেগমকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে আদালত প্রত্যেক আসামির কাছ থেকে ২০ হাজার টাকা করে জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছে। গতকাল মঙ্গলবার নোয়াখালীর জেলা জজ সাঈদ আহমেদের আদালত এ আদেশ প্রদান করেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২৬ মে সকালে আসামিরা আয়েশাকে স্বামীর বাড়ি সুবর্ণ চর উপজেলার চর জুবলি এলাকা থেকে যৌতুকের টাকার জন্য পার্শ্ববর্তী কচ্চবিয়া গ্রামে তার মায়ের বাড়ি পাঠায়। মা টাকা দিতে ব্যর্থ হলে আয়েশা স্বামীর বাড়িতে ফিরে আসে। যৌতুকের টাকা না পেয়ে ঐ দিন রাতেই আসামিরা আয়েশা বেগমকে হত্যা করে বাড়ির পাশে একটি ধান ক্ষেতে ফেলে রাখে।