বিজিবির বাধায় মাটি কাটা বন্ধ বিএসএফের
প্রকাশ : ১৭ জুন ২০১৪, ২২:১৪
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তের নোম্যান্সল্যান্ডে মাটি কাটার ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার সকালে ঐ সীমান্তে মাটি কাটার ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে তীব্র প্রতিবাদের মুখে তা বন্ধ রাখলেও ভারতীয় অংশে শক্তি বৃদ্ধি করেছে বিএসএফ। উদ্ভূত পরিস্থিতির আলোকে বুধবার সকালে পাতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কুড়িগ্রামস্থ ৪৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলার খালিশাকোটাল সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার থেকে মাত্র ১৫ গজ দূরে নোম্যান্সল্যান্ডে মাটি কাটা শুরু করে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে ১২৪ বিএসএফ কড়লা ক্যাম্পের জোয়ানরা আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে শ্রমিক দিয়ে ট্রাকে মাটি পরিবহন করে পাশের রাস্তা নির্মাণের কাজ চালায়।
৪৫ বিজিবির বালারহাট ক্যাম্পের হাবিলদার শফিকুল টহল বাহিনীসহ মাটি কাটায় বাধা দিলে উভয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে ১২৪ বিএসএফ কড়লা ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দেবরাজ সিং তার দলবল নিয়ে অস্ত্রসহ পজিশন নেয়।
একপর্যায়ে বিজিবিও বাংলাদেশ সীমান্তে অস্ত্রসহ পজিশন নেয়। এরপর প্রায় ৩০ মিনিট ধরে বিজিবি এবং বিএসএফের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে বিজিবি’র তীব্র প্রতিবাদের মুখে বিএসএফ মাটি কাটা বন্ধ করে তাদের ট্রাক ও শ্রমিক সরিয়ে নেয়। তবে বর্তমানে ওই সীমান্তে বিএসএফ শক্তি বৃদ্ধি করে টহল জোরদার রেখেছে।
কুড়িগ্রামস্থ ৪৫ বিজিবির বালারহাট ক্যাম্প কমান্ডার হাবিলদার শফিকুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।