দেখা হবে পড়ন্ত বিকেলে

মাঝে কিছুদিন অভিনয়ে অনিয়মিত ছিলেন রিচি সোলায়মান। এখন আবার তিনি অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। একের পর এক যেমন খণ্ড নাটকে অভিনয় করছেন ঠিক তেমনি ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন তিনি। রুলীন রহমানের রচনায় ও পরিচালনায় রিচি এভার অভিনয় করছেন নতুন ধারাবাহিক নাটক ‘মায়ার খেলা’তে। এই ধারাবাহিকের শুটিং লোকেশনে রিচির সঙ্গে কথা হয়। লিখেছেন শাকিল আহমেদ প্রিন্স রাইয়ান, রিচির একমাত্র সন্তান। দিনদিন যতই বড় হয়ে উঠছে রাইয়ান শুটিংয়ে আসতে যেন রিচির ঠিক ততোটাই মুশকিলই হয়ে যাচ্ছে। এ’কথা সে’কথা বলে বুঝিয়ে তারপর আসতে হয় নাটকের লোকেশনে রিচিকে। রিচির দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ীই আমি রুলীন রহমানের নতুন ধারাবাহিক নাটক ‘মায়ার খেলা’র লোকেশনে পৌঁছাই বিকেল তিনটায়। উত্তরার ‘স্বপ্নীল-টু’তে শুটিং চলছিল নাটকটির। পরিচয় হলো পরিচালক রুলীন রহমানের সঙ্গে। বললাম ‘ইত্তেফাক’ থেকে এসেছি। রুলীন রহমানই আমাকে মেকআপ রুমে নিয়ে গেলেন রিচির কাছে। বধূর সাজে সাজছেন রিচি কিছুক্ষণ আগে থেকে। তার মেকাপের কাজ শেষ হয়ে গেলেই রুলীন রহমান ইউনিট নিয়ে চলে যাবেন আব্দুল্লাহপুর একটি চাইনিজ রেস্টুরেন্টে বিয়ের শুটিং করতে। কুশলাদি বিনিময় শেষে রিচি বললেন, ‘এবারের ঈদে একটু বেশিই কাজ করতে হচ্ছে। একের পর এক নাটকের স্ক্রিপ্ট আসছে, ভালো ভালো স্ক্রিপ্ট আসছে তাই একটু ভেবে চিন্তেই ‘না’ করছি। কারণ ভালো কাজ হলে আমি তা করার চেষ্টা করি।’ ‘সূর্যাস্তের আগে’ নাটকটির কাজও মনে হয় ভালো ছিল? ‘ঠিক বলেছেন, ওটা তো মাহফুজ আহমেদের নির্দেশনায় নির্মিত একটি খণ্ড নাটক। গত সপ্তাহে নাটকটির কাজ করেছি। মাহফুজ ভাই আর মিথিলা আমার কো-আর্টিস্ট ছিলেন। কাজটা শেষ হয়নি। আরও একদিন শুটিং করতে হবে। আমরা সিডিউল মেলাতে পারছি না।’ ভালো কাজের জন্য একটু সময় নিয়ে সিডিউল মেলানোও আপনাদের জন্য ঝামেলার, তাই না? ‘ঠিক তা নয়, আসলে সবাই তো যার যার মতো ব্যস্ত, যার যার মতো সিডিউল দিয়ে থাকেন। যে কারণে ফাঁকে একটা দিন সম্মিলিতভাবে বের করা একটু কঠিনই বৈকি। তবে হয়ে যাবে আশাকরি। তা না হলে মাহফুজ ভাইয়ের ভালো একটি নাটক দর্শক মিস করবেন।’ এবার রিচি একটু অন্যমনষ্ক। বললাম কী ব্যাপার কিছু ভাবছেন? জবাবে রিচি বলেন, ‘ঈদে একবার আঙ্কেলের সাথে দেখা করতে যেতে চাই।’ আমি বললাম কার সাথে? জবাবে রিচি বলেন, ‘কেন, আমাদের নায়ক রাজের সাথে!’ আমাদের দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাকের জন্মদিন আর রিচির জন্মদিন একই দিনে, অর্থাত্ ২৩ জানুয়ারি। বিষয়টি নায়ক রাজ নিজেও অভিহিত। রিচির অভিনয়ও নায়ক রাজের বেশ ভালো লাগে। বিষয়টি জেনে রিচি নিজেই অনেক বেশি পুলকিত। আর তাই একদিন সময় করে নায়ক রাজের সঙ্গে দেখা করতে চান রিচি। আর সেই স্মরণীয় মুহূর্তটি ফ্রেমবন্দি করেও রাখতে চান রিচি। আমি প্রতিশ্রুতি দিলাম, আসছে ঈদের পর হয়তো দেখা হয়ে যাবে নায়ক রাজের সাথে কোনো এক পড়ন্ত বিকেলে। সেই বিকেলের প্রতীক্ষায় থেকে রিচির কাছ থেকে বিদায় নিয়ে গোধূলির আগেই চলে এলাম।