অন্য রূপে...
প্রকাশ : ১৮ জুন ২০১৪, ১৯:৫৯
মডেলিং জগত্ থেকে আসা এশা গুপ্তার বলিউডে বিচরণের বয়স ৩ বছর। এই সময়ে তার অভিনীত ৪টি হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে। এশাকে সর্বশেষ দেখা গেছে ‘রাজ থ্রি’ ছবিতে। আবেদনময়ী অভিনেত্রী হিসেবে দর্শক তাকে গ্রহণ করলেও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দারুণ ব্যস্ত হয়ে উঠতে পারেননি। অনেকদিন পর আগামীকাল মুক্তি পাচ্ছে এশা গুপ্তা অভিনীত নতুন ছবি ‘হামসাকলস’। এখানেও দুর্দান্ত আবেদনময়ী খোলামেলা ইমেজে পর্দায় উপস্থিত হচ্ছেন তিনি। তার ক্যারিয়ারের হালচাল এবং অভিনীত নতুন ছবির কথা তুলে ধরেছেন রেজাউল করিম খোকন
বলিউডে ক্যারিয়ার শুরুর পর এশা গুপ্তাকে এ পর্যন্ত ৪টি হিন্দি সিনেমায় দেখা গেছে। তিন বছরে মাত্র চার ছবিতে অভিনয় খুব বেশি নয়। তার যতটা ব্যস্ত থাকার কথা ছিল ততোটা ব্যস্ত হতে পারেননি। এশা বলিউডে ব্যর্থ, তাও বলা যায় না। রূপসী, গ্ল্যামারাস, আবেদনময়ী—নানা বিশেষনে তাকে আখ্যায়িত করা যায়। রুপালি পর্দায় এশার আত্মপ্রকাশ বক্স অফিস সফল ছবির মাধ্যমে। প্রথম অভিনীত সিনেমা ‘জান্নাত’-এর সাফল্য দ্বিতীয় ছবি ‘রাজ থ্রিডি’তে অব্যাহত থেকেছে। দুটি ছবিতেই তার আকর্ষণীয় পর্দা উপস্থিতি দর্শকদের আলোড়িত করেছে। সমালোচকদের প্রশংসা অর্জন করেছে এশার তৃতীয় ছবি ‘চক্রবুহ’তে তার চমত্কার অভিনয়। সুযোগ পেলে তিনি ভালো অভিনয় করতে পারেন—এটা তিনি দেখাতে পেরেছেন এ ছবিতে। ওদিকে চতুর্থ ছবি ‘গোরি তেরে পেয়ার মে’তে একটি আইটেম সঙে তার পারর্ফমেন্স প্রমাণ করেছে বলিউডি মাশালা মুভির জন্যও তিনি যোগ্য। এত কিছুর পরেও এশা গুপ্তা বলিউডে তুমুল ব্যস্ত হতে পারেননি। তবে তাকে নিয়ে অনেকের মনোযোগ আছে। যার প্রমাণ এ সপ্তাহের নতুন ছবি ‘হামসাকলস’। পরিচালক সাজিদ খান এশাকে কমেডি ধাঁচের এ ছবিতে তিন নায়িকার একজন হিসেবে সুযোগ দিয়েছেন। এখানে এশার পাশাপাশি রয়েছেন আরও দু’জন নায়িকা। তারা হলেন বিপাশা বসু ও তামান্না ভাটিয়া। এ ছবিতে তিন নায়িকাই নিজেদের খোলামেলা শারীরিক সৌন্দর্য প্রদর্শনে যথাসাধ্য চেষ্টা করেছেন। তারা তিনজনই বিকিনি পরে পর্দায় আসছেন। এ নিয়ে ‘হামসাকলস’ ছবির দর্শকদের মধ্যে আলাদা উত্তেজনার সৃষ্টি হয়েছে এ ছবিতে বিকিনি দৃশ্যে অভিনয় প্রসঙ্গে এশা গুপ্তা বলেন, ‘আমরা তিনজনই বেশ মজা পেয়েছি এ ছবিতে অভিনয় করে। বিকিনি, পরে ক্যামেরার সামনে দাঁড়ানো আমার জন্য নতুন কোনো ব্যাপার নয়। ‘জান্নাত টু’ এবং ‘রাজ থ্রি’ ছবিতে আমি খোলামেলা হয়ে পর্দায় এসেছি, ওখানে যৌনতার চেয়ে শিল্পটা চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ‘হামসাকলস’ ছবিতে কমেডিটাই মুখ্য এখানে সেক্সটা গুরুত্বপূর্ণ নয়। আমরা সেই মানসিকতা নিয়ে কাজ করেছি।’ ২৮ বছর বয়সী দিল্লির মেয়ে এশা গুপ্তা মূলত মডেলিং জগত্ থেকে সিনেমার পর্দায় এসেছেন। মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। আইন বিষয়ে বিদেশে পড়াশোনার জন্য স্কলারশিপ পেয়েও সেখানে যাননি বলিউডে ক্যারিয়ার গড়ার আশায়। ২০১২-তে সেরা কাঙ্ক্ষিত ৫০ নারীর তালিকায় ১৩ নম্বর অবস্থানে ছিলেন এশা গুপ্তা। ২০০৭-এ ফেমিনা মিস ইন্ডিয়া সুন্দরী প্রতিযোগিতায় তৃতীয় অবস্থানে ছিলেন তিনি। সেখান থেকে মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সুন্দরী প্রতিযোগিতায় পর্যন্ত যাওয়ার সুযোগ হয়েছিল তার। ২০১০-এ কিংফিশার সুইমস্যুট ক্যালেন্ডারের মডেল হিসেবে আত্মপ্রকাশের পর সবার বিশেষ মনোযোগ আকর্ষণ করেন এশা গুপ্তা। তখন বলিউডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট একসঙ্গে তাদের প্রযোজনা সংস্থা বিশেষ ফিল্মসের তিনটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করেন। ইতোমধ্যে বিশেষ ফিল্মস ব্যানারের দুটি সিনেমায় এশা অভিনয় করেছেন। তাদের সঙ্গে চুক্তিবদ্ধ থাকা এই অভিনেত্রীকে আগামীতে নতুন আরেকটি ছবিতে দেখা যাবে। খুব শিগগিরই সেই ছবির কাজ শুরু হবে। বলিউডে আগামী দিনগুলোতে নিজের ক্যারিয়ারকে আরও ভালোভাবে এগিয়ে নিতে এশা গুপ্তা আন্তরিক হলেও তার আবেদনময় স্মার্ট ইমেজ বিশেষ কিছু চরিত্রে সীমাবদ্ধ রেখেছে এটা তিনি ভালোভাবেই উপলব্ধি করেন। সেই সীমাবদ্ধ বলয় ভেঙে বেরিয়ে আসতে চান এশা। যে কারণে ‘হামসাকলস’-এর মতো কমেডি ছবিতে অভিনয় করেছেন। এ ছবিটি যদি বক্স অফিসে বড় ধরনের সাফল্য পায় তার একটা অনুকূল প্রভাব এশা গুপ্তার ক্যারিয়ারে পড়তে পারে। আজকাল বলিউডি সিনেমার মেজাজ অনেকটা পাল্টে গেছে। বদলে যাওয়া বলিউডি সিনেমায় নায়িকাদের সেক্স অ্যাপিল, স্মার্ট লুক, সাহসী মনোভাব ইত্যাদি বেশ গুরুত্ব পাচ্ছে। এ প্রেক্ষিতে নিজের ভবিষ্যত্ সম্ভাবনা নিয়ে আশাবাদী এশা বলেন, ‘গত কয়েক বছরে আমি ততোটা ব্যস্ত হতে পারিনি বলিউডে, আমি এতে হতাশ নই। হয়তো আগামীতে আমার ব্যাপারে নির্মাতাদের মনোভাব বদলাবে, তারা আমাকে যথাযথভাবে কাজে লাগাতে মনোযোগী হবেন।’ সম্প্রতি নিজের বয়ফ্রেন্ড রয়েছে, তবে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। বাইরের একজনের সঙ্গে তার গভীর সম্পর্ক গড়ে উঠেছে। তার নামটি প্রকাশ করতে চান না এশা গুপ্তা।