বিশ্বকাপের আনন্দে ছবি রিলিজ!
প্রকাশ : ১৮ জুন ২০১৪, ২০:১৩
নিজের চলচ্চিত্র রিলিজ হলেও অভিনেত্রী সিমলা গত কয়েকদিন ব্যস্ত রয়েছেন ফুটবল ম্যানিয়ায়। বিশ্বকাপে ব্রাজিলের ভক্ত। তরুণ নির্মাতা মাসুদ পথিক নির্মাণ করেছেন ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’। যে ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিমলা। কিন্তু ছবিতে কিছুদিন কাজের পর চিত্রনায়িকা সিমলা নিজেও জানেন না ছবির পরের অবস্থান প্রসঙ্গে। সিমলা বলেন, ‘আমি ছবিটি নিয়ে খুবই আশাবাদী। দারুণ একটি কাজ হয়েছে। কিন্তু ছবিটি রিলিজে কেন এত দেরি হলো, ছবিটির পুরো কাজ নিয়ে কুশলীদেও সাথে বসে কোনো আলোচনায় আসেনি। তাই মনের ভেতরে একটা অভিমান তো রয়েছেই। এছাড়া ছবিটি মাত্র কয়েকটি সিনেমা হলে মুক্তি দেওয়া হচ্ছে। এরপরও আমি চাইব নির্মলেন্দু গুণের বিখ্যাত এই কবিতার অবলম্বনে তৈরি এই ছবিটি সবাই দেখুক। আর বিশেষ করে আমার ভালো লাগছে বিশ্বকাপের এই মৌসুমে আমার নতুন কোনো চলচ্চিত্র রিলিজ হচ্ছে। তবে নির্মাতা ছবিটি নিয়ে আরও মনোযোগী হলে ভালো করতেন।’ বিশ্বকাপ এই মৌসুমে খেলা নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিলেও নিজের ছবির ক্যাম্পেইনেও অংশ নিচ্ছেন বেশ কিছুদিন ধরে। এছাড়া বলিউডের গোবিন্দের সাথে যে ছবিটির শুটিং করে এসেছেন সেটির রিলিজের অপেক্ষায় রয়েছেন তিনি।