মে’তে মূল্যস্ফীতি ৭.৪৮ শতাংশ

এপ্রিলের তুলনায় কিছুটা বেড়ে মে মাসে দেশের মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭.৪৮ ভাগে। এর আগের মাসে এ হার ছিলো ৭.৪৬ ভাগ। পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্যে দেখা গেছে, খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখি হলেও খাদ্য বহির্ভূত পণ্যে কিছুটা কমেছে। এপ্রিলে খাদ্য পণ্যে ৮.৯৫ ভাগ থাকার পর মে মাসে তা ৯.০৯ ভাগে পৌঁছেছে। অন্যদিকে খাদ্য বহির্ভূত পণ্যে ৫.২৩ থেকে মে মাসে ৫.১৬ শতাংশে নেমেছে। মূল্যস্ফীতি বৃদ্ধির হার পর্যালোচনা করে দেখা যায়, শহরে কিছুটা কমলেও মূলত গ্রামীণ এলাকার খাদ্যপণ্যের দাম বৃদ্ধিতে সার্বিক মূল্যস্ফীতির হার বেড়েছে। গ্রামীণ এলাকার মূল্যস্ফীতি এপ্রিল মাসে ৮.৫২ থেকে মে মাসে বৃদ্ধি পেয়ে ৮.৭২ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে শহর এলাকায় মে মাসে খাদ্য পণ্যে মূল্যস্ফীতি হয়েছে ৯.৯৮ ভাগ। খাদ্য বহির্ভূত পণ্যে গ্রামীণ এলাকায় মূল্যস্ফীতি ৪.৭১ এবং শহর এলাকায় এ হার ৭.৯৭ শতাংশ।