মির্জাপুরে তীব্র গরমে হঠাত্ কুয়াশা

টাঙ্গাইলের মির্জাপুরে তীব্র গরমের মধ্যেও হঠাত্ কুয়াশার চাঁদরে ঢেকে ছিল পুরো এলাকা। বুধবার ভোর থেকে সূর্য উদয়ের পূর্ব মুহূর্ত এলাকার রাস্তাঘাট এবং মাঠ ঘাট কুয়াশার চাঁদরে ঢাকা ছিল। সকালে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে গিয়ে দেখা গেছে চারদিকে কুয়াশা। আর এ কুয়াশা পড়ার কারণে ভোর রাতে ও সকালে হালকা শীত অনুভূত হয়েছে। এতে অনেকে কাঁথা গায়ে দিয়েছিলেন বলে জানিয়েছেন। হঠাত্ কুয়াশা পড়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানবাহনগুলোকে হেড লাইট জ্বেলে চলাচল করতে দেখা গেছে। মাঠের ঘাসগুলোর কুয়াশার পানি টপটপ করে পড়তে দেখা গেছে। এছাড়া বিভিন্ন গাছের পাতায় উপর কুয়াশার পানি পড়ছে। হঠাত্ কি কারণে এ সময়ে কুয়াশা পড়ল এ নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ও বিকালে হালকা বৃষ্টি হয়েছে। তাই বৈরী আবহাওয়ার কারণে হঠাত্ এ কুয়াশা পড়েছে বলে তিনি জানিয়েছেন।