সাক্ষাত্কার দিতে যাওয়ার আগে যেসব বিষয় ভুললে চলবে না
প্রকাশ : ১৮ জুন ২০১৪, ২০:৪৬
চাকরি যেন এক সোনার হরিণ। তাই আমাদের পড়ালেখা থেকে শুরু করে অনেক কাজের পেছনেই লুকিয়ে থাকে মনের মতো একটি চাকরি পাওয়ার কিংবা পছন্দের কোনো প্রতিষ্ঠানে কাজ করার স্বপ্ন। কিন্তু পছন্দের প্রতিষ্ঠানে বহুবার সিভি দেওয়ার পর ডাক পেলেই কি কেবল হবে? এটি খুশির বিষয় হলেও সাক্ষাত্কারে যাওয়ার আগে কিছু বিষয়ে খেয়াল না রাখলে আপনার সেই খুশি স্থায়ী হবে না। তবে এ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। সাক্ষাত্কারে যাওয়ার আগে কোন বিষয়ে নজর রাখতে হবে, তা এই লেখায় জানাচ্ছেন মাহফুজুর রহমান মুকুল
টিপস ১
প্রয়োজনীয় কাগজপত্র কী লাগবে?
পরামর্শ :কোনো প্রতিষ্ঠান থেকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হলে অনেক আবেদনকারীই মনে করেন সাক্ষাত্কার গ্রহণকারী বা প্রতিষ্ঠানের কাছে অবশ্যই তার সিভি রয়েছে। এই ধারণা থেকে অনেকেই সাক্ষাত্কারে যাওয়ার সময় সিভির কোনো কপি সাথে রাখেন না। কিন্তু এটি একটি ভুল সিদ্ধান্ত। সাক্ষাত্কার দিতে যাওয়ার সময় অবশ্যই জীবনবৃত্তান্তের একটি কপি নিয়ে নিন। সাথে প্রয়োজনীয় সার্টিফিকেটের একাধিক কপিও রাখুন।
টিপস ২
প্রতিষ্ঠান ও কাজের ধরণ সম্পর্কে কতটুকু জানতে হবে?
পরামর্শ :কোনো প্রতিষ্ঠানে সাক্ষাত্কার দিতে যাওয়ার আগে উক্ত প্রতিষ্ঠান সম্পর্কে এবং চাকরির বিজ্ঞাপনে উল্লিখিত কাজের ধরণ (জব রেসপনসিবিলিটি) সম্পর্কে একটু জেনে নিতে হবে। এই সম্পর্কিত কিছু সাধারণ প্রশ্নের উত্তর আগে থেকেই প্রস্তুত রাখুন।
টিপস ৩
পোশাকের বিষয়ে কতখানি সচেতন থাকেন?
পরামর্শ :ইন্টারভিউয়ে যাওয়ার পূর্বে অবশ্যই আপনার পোশাকের ব্যাপারে প্রস্তুতি রাখুন। খেয়াল করুন, আপনার পোশাক অফিসিয়াল স্ট্যান্ডার্ডের কি না, আপনার পোশাক পরিস্কার কি না, আপনার পোশাক থেকে কোন দুর্গন্ধ বের হচ্ছে কি না। আপনি পুরুষ হলে অবশ্যই ফুল স্লিভ শার্ট, আয়রন করা ফর্মাল প্যান্ট, বেল্ট এবং ফরমাল শু ব্যবহার করবেন। আর নারী হলে শাড়ি কিংবা সালোয়ার কামিজ যেটাই পড়ুন না কেন, সেটি যেন শালীন হয়, সেদিকে খেয়াাল রাখুন। ইন্টারভিউ শুরু হওয়ার কিছুটা আগে সেখানে উপস্থিত হয়ে নিজেকে একটু ফ্রেশ করে নিন। একটি চিরুনি এবং ছোট রুমাল সাথে রাখতে পারেন, যাতে আপনার চুল গুছিয়ে ও ঘাম মুছে নিতে পারেন।
টিপস ৪
যে প্রতিষ্ঠানে সাক্ষাত্কার প্রদান করবেন, সে সম্পর্কে আপনার কিছু জানার আছে কি না, সাধারণত তা জানতে চান সাক্ষাত্কার গ্রহণকারীরা। এক্ষেত্রে আপনার কোনো ধরনের পূর্বপ্রস্তুতি থাকে কি?
পরামর্শ :আপনি যখন কোনো প্রতিষ্ঠান নিয়ে গবেষণা বা পড়ালেখা করবেন, তখন এমন কিছু বিষয়ে আপনি প্রশ্ন তৈরি করে ফেলবেন যেসব ব্যাপারে আপনি উক্ত প্রতিষ্ঠানে অবদান রাখতে পারবেন বলে অনুমান করতে পারছেন। অবশ্যই বলতে ভুল করবেন না যে আপনি উক্ত প্রতিষ্ঠান সম্পর্কে যথেষ্ট জেনেই এসেছেন এবং তার হয়ে কাজ করতে আগ্রহী। আর প্রতিষ্ঠান সম্পর্কে জানতে গিয়ে কোনো বিষয় অস্পষ্ট মনে হলে তা পরিস্কার করে জেনে নিতে পারেন।
টিপস ৫
সাধারণ কিছু প্রশ্নের উত্তর চর্চা করে রাখেন কি?
পরামর্শ :প্রতিটি সাক্ষাত্কারেই নিজের সম্পর্ক বলা বা কাজের ধরণ সম্পর্কে জানার জন্য প্রশ্ন করা হয়। চাকরির সাথে সংশ্লিষ্ট কিছু প্রশ্নও সবাইকেই করা হয়। এগুলো সম্পর্কে তাই আগে থেকে প্রস্তুতি থাকলে ভালো। যে চাকরির জন্য সাক্ষাত্কার দিতে যাচ্ছেন সেই বিষয়ে কিছু কমন প্রশ্ন খুঁজে বের করুন ও সেগুলোর উত্তর চর্চা করুন। তাতে ইন্টারভিউ বোর্ডে কথা বলতে জড়তা থাকবে না।
টিপস ৬
সাক্ষাত্কারে নির্ধারিত সময়ে পৌঁছানো কতটা গুরুত্বপূর্ণ?
পরামর্শ :আপনি যদি সাক্ষাত্কারে যথাসময়ে উপস্থিত না হন এবং তা সংশ্লিষ্টদের পূর্ব থেকে না অবগত করেন তাহলে সেটি আপনার এক ধরনের অযোগ্যতা হিসেবে বিবেচিত হতে পারে। তাই বিশেষ কোনো কারণে যদি আপনি নির্ধারিত সময়ে ইন্টারভিউ দিতে যেতে অক্ষম হয়ে থাকেন, সেক্ষেত্রে আগে থেকেই তা অবগত করুন।
টিপস ৭
কোনো ইন্টারভিউ বোর্ডে প্রস্তুতিবিহীন অবস্থায় হঠাত্ করেই কোন পরীক্ষা দিতে বললে কী করবেন?
পরামর্শ :এই ধরনের পরিস্থিতিতে কখনই ‘না’ বলা যাবে না; আপনার কোনো ধরনের প্রস্তুতি না থাকলেও। কারণ এই ধরনের পরিস্থিতিতে আপনার নেতিবাচক উত্তরে চাকরিদাতা আপনাকে আত্মবিশ্বাসহীন মনে করতে পারেন।
টিপস ৮
আপনার সাথে সবসময় যোগাযোগের মাধ্যমগুলো সচল থাকে কি না?
পরামর্শ :কোনো প্রতিষ্ঠান থেকে ইন্টারভিউয়ের জন্য ডাকলে সিভিতে উল্লিখিত মোবাইল নম্বরটি সবসময় খোলা রাখতে হবে এবং সব কল রিসিভ করার চেষ্টা করতে হবে। ব্যস্ত থাকলে অন্তত ফোন রিসিভ করে প্রতিষ্ঠানের নাম জেনে পরে কল ব্যাক করার প্রতিশ্রুতি দিন এবং যত দ্রুতসম্ভব যোগাযোগ করুন। যোগাযোগে দেরি করলে তা আপনার প্রতি নেতিবাচক ধারণা তৈরি করবে।
টিপস ৯
সঠিক সময়ে সাক্ষাত্কারে যেতে কি অ্যালার্ম সেট করেন?
পরামর্শ :অনেকেই অ্যালার্ম সেট করার বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দিতে চান না। কিন্তু যেহেতু আপনি একজন ব্যস্ত মানুষ, সেহেতু ইন্টারভিউ দিতে যাওয়ার কথাটি সময়মতো আপনার নাও মনে থাকতে পারে। আর ইন্টারভিউ বোর্ডে দেরি করে অথবা নির্দিষ্ট দিনে উপস্থিত না হতে পারাটা একটা বড় দুর্বলতা হিসেবে বিবেচিত হয়। তাই ঘড়িতে অথবা ফোনে অ্যালার্ম সেট করার মাধ্যমে যথাসময়ে ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হওয়ার বিষয়টি নিশ্চিত করুন।
টিপস ১০
কারও সাথে সাক্ষাত্কারের প্র্যাকটিস করেন কি?
পরামর্শ :যেকোনো প্রতিষ্ঠানে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকলে সেখানে যাওয়ার পূর্বে কাছের কোনো বন্ধু বা পরিবারের কোনো সদস্যের সাথে ডামি ইন্টারভিউ প্র্যাকটিস করা অত্যন্ত ইতিবাচক একটি বিষয়। এতে ইন্টারভিউ বোর্ডে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে অনেকটা জড়তা কেটে যায়।