অবৈধভাবে বালু তোলায় ভাঙ্গনের হুমকিতে ২০ গ্রাম

সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তে যাদুকাটা নদীর তীর কেটে বালি বিক্রির মহোত্সব চলছে। প্রতিদিন সকাল ৭টা থেকে চলে মধ্য রাত পর্যন্ত। ফলে ভাঙ্গনের কবলে পড়েছে নদী তীরবর্তী ২০টি গ্রাম। ইতিমধ্যে কয়েকশ’ একর চাষাবাদের ভূমি ও সহস্রাধিক বসতবাড়ি ভাঙ্গনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছে প্রায় পাঁচ শতাধিক পরিবার। এলাকাবাসী জানায়, যাদুকাটা নদীর উত্তর তীরে অবস্থিত লাউড়গড়, ছড়ারপাড়, বিন্নাকুলি ও দক্ষিণ তীরে অবস্থিত আদর্শগ্রাম, গাগটিয়া, বড়টেক, গাগড়া, মানিগাঁও পর্যন্ত প্রায় ১০কিলোমিটার এলাকা জুড়ে চলছে তীর কেটে বালি উত্তোলন। এলাকার স্থানীয় প্রভাবশালীরা প্রতিদিন অবৈধভাবে নদীর তীর কেটে শত শত নৌকা বোঝাই করে লক্ষ লক্ষ টাকার বালি বিক্রি করছে। পুলিশ সুপার হারুনুর রশীদ বিয়য়টি দেখবেন বলে জানান। সুনামগঞ্জ জেলা প্রশাসক ইয়ামিন চৌধুরী বলেন, যাদুকাটা নদীর পাড় কাটার বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।