মুক্তাগাছায় শস্য হাসপাতাল
মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ১৮ জুন ২০১৪, ২১:২৫
মুক্তাগাছা চেচুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত শস্য হাসপাতাল পেস্ট ডায়াগনস্টিক সেন্টার কৃষি ও কৃষকের স্বার্থে ভূমিকা রাখছে। বাংলাদেশে কৃষির উন্নতিতে সরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠলেও ব্যক্তি উদ্যোগে খুব একটা পরিলক্ষিত হয় না। ব্যক্তি উদ্যোগে শস্য হাসপাতাল পেস্ট ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিম রেজা। কৃষকের উত্পাদিত ফসলের ক্ষতিকারক পোকা-মাকড়ের আক্রমণ ও সংক্রামক ব্যাধি কি কারণে হয়ে থাকে মূলত এগুলো সনাক্ত করাই পেস্ট ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের উদ্দেশ্য। উদ্ভাবক সেলিম রেজা জানান, ১৯৯৯ সালে সামান্য যন্ত্রপাতি নিয়ে পোকা-মাকড়ের উপর গবেষণার মাধ্যমে যাত্রা শুরু করেন। এরপর উদ্ভাবন করতে থাকেন ফসলে রোগের উপসর্গ। তার ডায়াগনস্টিক সেন্টারে ক্ষতিকারক ও উপকারী পোকা-মাকড়ের যে কোন রোগবালাই পরীক্ষা-নিরীক্ষা কাজে লাগায় উত্পাদন বাড়ছে।