নরসিংদীতে মাদক বিরোধী র্যালি

নরসিংদী প্রতিনিধি গতকাল বুধবার সকালে নরসিংদী পৌরসভার স্বাধীনতা চত্বর থেকে মাদকবিরোধী এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। মাদককে না বলুন, মাদকের আস্তানা গুঁড়িয়ে দিন এই প্রতিপাদ্য নিয়ে পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক ওবায়দুল আজম, পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল, আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধার নেতৃত্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন স্কুল-কলেজ, জেলার সচেতন নাগরিক সমাজ, ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবী, চিকিত্সকসহ সর্বস্তরের লোকজন র্যালিতে অংশগ্রহণ করেন। পুলিশের একটি বাদ্যযন্ত্র দল র্যালির অগ্রভাগে ছিল। উল্লেখ্য, আগামী ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদ্যাপন উপলক্ষে নরসিংদীবাসীকে সচেতন করার লক্ষ্যে এই বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।