নবাবগঞ্জে ৩ মাস পর
অপহূত স্কুল ছাত্রী উদ্ধার
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৮ জুন ২০১৪, ২১:২৮
অপহরণের ৩ মাস পর গত মঙ্গলবার সন্ধ্যায় অপহূত স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারি আশরাফুর রহমানকে (৪০) গ্রেফতার করেছে দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে এসআই নাজিউর রহমানের নেতৃত্বে পুলিশ জেলার পার্বতীপুর উপজেলার ভবানীপুর রেলস্টেশন এলাকার একটি বাড়ি থেকে তিন মাস আগে অপহূত দশম শ্রেণির ঐ ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারি নবাবগঞ্জ উপজেলার নন্দনপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে দুই সন্তানের জনক আশরাফুর রহমান (৪০) কে গ্রেফতার করে। আটক আশরাফুর রহমান রহমান বলেন, অপহরণ নয়, ঐ ছাত্রী প্রেমের টানে স্বেচ্ছায় তার সাথে বিয়ে করার জন্য বাড়ি ছেড়েছিল। উদ্ধার হওয়া ছাত্রীটি বলেন, আশরাফুর তাকে অপহরণ করেনি, সে তাকে ভালোবেসে স্বেচ্ছায় তার সাথে বাড়ি ছেড়েছিল।
ঐ ছাত্রীর বাবা আনারুল ইসলাম বলেন, তার মেয়ে নাবালিকা হওয়ার সুযোগে আশরাফুর তাকে ফুশলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে যায়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম বলেন, মেয়েটি নাবালিকা, তাই তার প্রেম ও বিয়ের কথা আইনসিদ্ধ হবে না।