তল্লাশি আতঙ্কে দিনাজপুরে বন্ধ বাস ও ট্রাক ক্রেতার অভাবে বাগান মালিকরা দিশেহারা

ফরমালিনযুক্ত ফল প্রবেশরোধে ঢাকার প্রবেশদ্বারে ৮টি তল্লাশি চৌকি বসানোর পর আতঙ্কে গত ১২ জুন থেকে দিনাজপুরের মৌসুমী ফল লিচু ও আম পরিবহন বন্ধ করে দিয়েছে বাস ও ট্রাক মালিকরা। এতে ক্রেতার অভাবে স্থানীয় বাজারে লিচু ও আমের দাম আশঙ্কাজনকভাবে কমে গেছে। ক্রেতার অভাবে বাগান মালিকরা গাছ থেকে লিচু ও আম পাড়া কমিয়ে দেয়ায় গাছেই লিচু ও আম পেকে ঝরে পড়ছে। ফলে লোকসান আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছেন বাগান মালিকসহ বাগান ক্রেতা ব্যবসায়ীরা। খোঁজ নিয়ে জানা গেছে, ফল পরিবহন বন্ধের কারণে গত ১২ জুন থেকে লিচু ও আমের দাম আস্বাভাবিকভাবে কমে গেছে। বর্তমানে স্থানীয় হাট-বাজারে ১শ বোম্বাই লিচু ৫শ টাকার স্থলে বিক্রি হচ্ছে ২৫০ টাকা, চায়না থ্রি বিক্রি হচ্ছে ৪শ থেকে ৪৫০ টাকায়। এরপরও ক্রেতা মিলছে না। ফলে অনেক বাগানেরই লিচু গাছে নষ্ট হচ্ছে। ঢাকাগামী কোচ হানিফ, শ্যামলী, নাবিল, বাবলু, কেয়া, রাহাবারসহ বিভিন্ন পরিবহনের স্থানীয় এজেন্টরা জানান, ফরমালিনযুক্ত ফল প্রবেশরোধে ঢাকার প্রবেশদ্বারে ৮টি তল্লাশি চৌকি বসিয়ে ফরমালিন পরীক্ষা করা হচ্ছে। এতে কোন একটি ঝুড়িতে ফরমালিনযুক্ত ফল পাওয়া গেলে গাড়ির সকল ফল বাজেয়াপ্ত করে তাত্ক্ষণিকভাবে ধ্বংস করে দেয়া হচ্ছে। গত ১২ জুন থেকে এ পর্যন্ত বিপুল পরিমাণ লিচু ও আম ধ্বংস করা হয়।