সৈয়দপুরে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা নীলফামারীর সৈয়দপুর উপজেলার উপকণ্ঠে কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকরা বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। তুচ্ছ ঘটনায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য কর্তৃক এক সিনিয়র শিক্ষককে প্রকাশ্যে কামারপুকুর বাজারে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং ওই অভিভাবক সদস্যের সদস্যপদ বাতিলের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এছাড়াও ওই ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষকরা স্কুলের পরীক্ষা বর্জন করায় মঙ্গলবার ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এ মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকসহ শিক্ষক প্রতিম চন্দ্র দাসকে লাঞ্ছিতকারী অভিভাবক সদস্য আতিউর রহমানের সদস্য পদ বাতিলের দাবি করেন। সেই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ওই অভিভাবক সদস্যের বিচারের দাবি জানান। অন্যথায় আগামীতে তারা কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাছিমা খাতুন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক সদস্য ও শিক্ষকদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। তা সমাধান করার পরেও তারা মানববন্ধন করবেন বিষয়টি আমার জানা ছিল না।