দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ভারতীয় গৃহবধূকে ফেরত
প্রকাশ : ১৮ জুন ২০১৪, ২১:৩১
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে এক ভারতীয় গৃহবধূকে ফেরত দেয় বিজিবি। গতকাল বুধবার সকাল সাড়ে ৯ টায় জামালপুর সীমান্তের ১৫২/৪ এস সীমানা পিলার সংলগ্ন এলাকায় বিজিবি‘র মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব ও বিএসএফ পক্ষে নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার মেঘনা ক্যাম্পের এসি রাজ কুমারের নেতৃত্বে এ পতাকা বৈঠক হয়। বিজিবি ও এলাকাবাসী জানায়, গত ১২ জুন ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার গোপালপুর ঘাট এলাকার হামিদুল শেখের স্ত্রী শেফালী বেগম (২২) নাটোরের লালপুর উপজেলার কচুয়া এলাকার আবুল হোসেনের ছেলে সন্ত্রাসী আজাদ ওরফে লিটনের প্রেমে পড়ে তার সাথে রাজশাহী সীমান্ত দিয়ে বাংলাদেশে আসে। এরপর লিটন তাকে ফেলে রেখে পালিয়ে গেলে শেফালী দৌলতপুর সীমান্তের পাকুড়িয়া গ্রামের মানিকের বাড়িতে আশ্রয় নেয়।