নির্ঘুমে চলনবিলের ফুটবলপ্রেমীরা

রাতের বিশ্বকাপে নির্ঘুম রাত কাটছে ফুটবলপ্রেমীদের। এবারের সবগুলো খেলাই রাতে। কারণ খেলা হচ্ছে আমেরিকা মহাদেশে। বিশ্বকাপ ফুটবল খেলাকে ঘিরে সারা দেশের মতো চলনবিলাঞ্চলের সকল উপজেলার পথে-ঘাটে, হাটে-বাজারের বিভিন্ন স্থানে চলছে ফুটবল প্রেমীদের আলাপ-আলোচনা। কার দল এবার বিশ্বকাপ ফাইনাল খেলবে সে নিয়ে বরাবরের মতো এবারও বিভিন্ন চায়ের দোকানে চলছে টক অব দ্য টেবিল। বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, খেলাগুলো আরও কাছ থেকে এবং নিরবচ্ছিন্ন দেখতে উপজেলাগুলোর বিভিন্ন মোড়ে ব্যবস্থা করা হয়েছে বড় পর্দা ও জেনারেটর। যেন খেলার কোনো অংশই বাদ না পড়ে। গত বৃহস্পতিবার ব্রাজিলের সাও পাওলোতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হয় ২০১৪ সনের ফুটবল বিশ্বকাপ। ওই দিন থেকেই নির্ঘুম রাত কাটছে চলনবিলবাসীর। সারারাত জেগে খেলা দেখে ফুটবলপ্রেমীরা।চলনবিলের চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর ও গুরুদাসপুরে খেলা দেখার বড় পর্দার পাশে উঁচু বাঁশের সঙ্গে টাঙানো হয়েছে ব্রাজিল ও আজেন্টিনারসহ অন্যান্য দেশের পতাকা। ফুটবল বিশ্বকাপকে ঘিরে যে উদ্দীপনা চলছে তা শুধু উপজেলা শহরেই সীমাবদ্ধ নয় উপজেলা বাইরে বিভিন্ন জায়গায় ব্যবস্থা করা হয়েছে বড় পর্দার। তবে ফুটবলপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন ৮ গ্রুপে থাকা ৩২টি দলের মধ্যে কোন দু’টি দল এবার বিশ্বকাপ ফাইনালে যাচ্ছেন ? ব্রাজিল , আর্জেন্টিনার খেলা দেখে হতাশ সমর্থকরা। আর্জেন্টিনার সমর্থকরা বলছেন, তাদের দল ফাইনাল খেলবে আবার ব্রাজিলের সমর্থকরা বলছেন তারা স্বাগতিক হওয়ায় এবারের কাপটা ব্রাজিলের ঘরেই থাকছে। তর্ক-বিতর্ক, বাজি ধরা, মাংস খিচুড়ি খাওয়ার মধ্য দিয়ে নির্ঘুম রাত কাটছে ফুটবলপ্রেমীদের।