বাংলাদেশ ব্যাংক অ্যাওয়ার্ড পাচ্ছেন ড. মোজাফ্ফর ও ড. স্বদেশ রঞ্জন
প্রকাশ : ১৮ জুন ২০১৪, ২১:৩৩
বাংলাদেশে অর্থনীতি বিষয়ে গবেষণা ও চিন্তামূলক লেখালেখিসহ মৌলিক অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মোজাফ্ফর আহমদ এবং ড. স্বদেশ রঞ্জন বোসকে যৌথভাবে বাংলাদেশ ব্যাংক পুরস্কার-২০১৩ (মরণোত্তর) প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় অধ্যাপক ড. মোজাফ্ফর আহমদ ছিলেন একজন ব্যতিক্রমী ও বহুমাত্রিক গবেষক। অর্থনীতির বিভিন্ন শাখায় তিনি মৌলিক গবেষণা ও সুচিন্তিত মতামত প্রদান করেছেন যা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে। ২০০৮ সালে বাংলাদেশ সরকার তাঁকে একুশে পদকে ভূষিত করে। ড. স্বদেশ রঞ্জন বোস এদেশের কৃতী অর্থনীতিবিদ। তিনি অর্থনীতির বিভিন্ন শাখায় অসামান্য অবদান রেখেছেন। বিশেষ করে স্বাধীনতা পরবর্তী সময়কালে বাংলাদেশের যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে তাঁর গবেষণালব্ধ জ্ঞান অমূল্য ভূমিকা রাখতে সক্ষম হয়। বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা পদক ২০১৩ প্রদান করে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে দেশের প্রথিতযশা পাঁচজন অর্থনীতিবিদের সমন্বয়ে গঠিত একটি জুরি বোর্ড উল্লি¬খিত পুরস্কার প্রদানের জন্য ড. মোজাফ্ফর আহমদ এবং ড. স্বদেশ রঞ্জন বোসকে মনোনীত করে।