বুফনের প্রত্যাবর্তনে উজ্জীবিত আজ্জুরিরা
প্রকাশ : ১৮ জুন ২০১৪, ২১:৫৩
মঙ্গলবার ইতালীয় স্কোয়াডের সঙ্গে অনুশীলনে ফিরেছেন গোলরক্ষক গিয়ালুইজি বুফন। তবে আগামীকাল কোস্টারিকার বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে তিনি অংশ নেবেন কিনা সেটি জানায়নি ইতালি। অনুশীলনে জুভেন্টাসের ৩৬ বছর বয়সী এই কৃতী ফুটবলারকে স্বাভাবিক মনে হয়েছে। তিনি কোন ধরনের সমস্যা ছাড়াই ড্রাইভও দিতে পেরেছেন। তবে আজ্জুরি কোচ চেজার প্রানদেলি¬ তাকে দলে ফিরিয়ে আনবেন কিনা সেই সিদ্ধান্ত এখনো নেননি। তাই ২০০৬ সালের শিরোপা জয়ের নায়ককে শুক্রবার কোস্টারিকার বিপক্ষে মাঠে নামাবেন, নাকি পরিপূর্ণ সুস্থতা লাভের পর আগামী ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুয়ের মোকাবেলার সময় মাঠে নামাবেন সেটি এখনো অনিশ্চিত রয়ে গেছে। গত শনিবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে পায়ের গোড়ালিতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন বুফন। ম্যাচে ২-১ গোলে জয়লাভ করে ইতালি। একই দিন দলের সঙ্গে অনুশীলনে ফিরেন ইতালির সেন্টার ব্যাক আন্দ্রে বারজাগলি ও মিডফিল্ডার ড্যানিয়েল ডি রোসি। দু’জনই সোমবারের অনুশীলনে অনুপস্থিত ছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে পেশীর টানজনিত সমস্যার কারণে মাঠ ছেড়ে যাওয়া ফুল ব্যাক মাতিয়া ডি সিগলিও ও মঙ্গলবার দলীয় অনুশীলনে যোগ দিয়েছেন।