জার্মান নৈপুণ্যে দুশ্চিন্তায় ম্যারাডোনা
প্রকাশ : ১৮ জুন ২০১৪, ২১:৫৪
ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা জানিয়েছেন, জার্মানি বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় পর্তুগালের বিপক্ষে ৪-০ গোলের জয়ে জার্মানরা যে দুর্দান্তপনা দেখিয়েছে তা অন্য ফেভারিটদের জন্য আতঙ্কের কারণ হতে পারে। এই আর্জেন্টাইন ভেনেজুয়েলার এক টিভি শোতে বলেন, ‘আমরা বিধ্বংসী এক জার্মানিকে দেখেছি, যেই জার্মানি দারুণ ফুটবল খেলেছে। তারা যে শারীরিক সামর্থ্য দেখিয়েছে তা অন্য দলগুলোর কিছুটা হতাশার কারণ হতে পারে।’
জার্মানির এই দাপুটে জয়ে হ্যাটট্রিক করেন টমাস মুলার। তিনিই হলেন ২০১৪ বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক নৈপুণ্য দেখানো খেলোয়াড়। এর সঙ্গে যোগ হয় ডিফেন্ডারের ম্যাট হিউমেলসের আরও একটি গোল। এদের নৈপুণ্যের বিপরীতে একটি গোলও দিতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।
আর্জেন্টিনার সাবেক কোচ ম্যারাডোনা চার বছর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে এই জার্মানির শক্তিমত্তা টের পেয়েছিলেন গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। সেবার আর্জেন্টিনাকে ৪-০ গোলে হারিয়ে প্রতিযোগিতা থেকে বিদায় করে দিয়েছিল জার্মানি।
এবারের বিশ্বকাপেও জার্মানদের খেলা ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী ম্যারাডোনাকে মুগ্ধ করেছে। তার মতে ‘জি’ গ্রুপের খেলাটিতে জার্মানরা ‘খুবই, খুবই বুদ্ধিমত্তার সাথে দৌড়িয়েছে।’ তিনি বলেন,‘এই ছন্দ ধরে রাখতে পারলে এবারের আসরে জার্মানিকে অবশ্যই গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে।’
পর্তুগালের বিপক্ষে হ্যাটট্রিক করা ফরোয়ার্ড টমাস মুলারেরও ভূয়সী প্রশংসা করেছেন ম্যারাডোনা। তিনি তো ইতোমধ্যে তারকা মুলারকে ‘এল ফ্যালাকো’ নামে অভিহিত করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন,‘তার সেরকম কোন পেশীবহুলতা নেই। তারপরও সে তাদের ছিন্নভিন্ন করে দিয়েছে।’ -সুপারস্পোর্টস