রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রকাশ : ১৮ জুন ২০১৪, ২১:৫৪
গোলাম মোস্তফা
বরগুনা জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা (৬২) চিকিত্সাধীন অবস্থায় গত মঙ্গলবার ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। বরগুনা সদর উপজেলার মহসিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে গতকাল রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর গিলাতলী গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বরগুনা আবুল হোসেন ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুসহ স্থানীয় বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন।
মো. সফিউল্লা
নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের মুক্তিযোদ্ধা মো. সফিউল্লা (৭০) চিকিত্সাধীন অবস্থায় গত মঙ্গলবার চট্টগ্রামের এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। নিজ বাড়িতে গতকাল জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আবদুল মমিন চৌধুরী
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবদুল মমিন চৌধুরী (৭৫) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মো. মোশারফ হোসেন
মানিকগঞ্জের ঘিওরের মুক্তিযোদ্ধা মো মোশারফ হোসেন (৬৫) হূদরোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের গোয়ালডাঙ্গী গ্রামে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মো. আব্দুল মোমিন মিয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের কৃতী সন্তান কবি আব্দুল কাদিরের ছোট ভাই মুক্তিযোদ্ধা হাজী মো.আব্দুল মোমিন মিয়া (৯০) চিকিত্সাধীন অবস্থায় গত মঙ্গলবার ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি চিরকুমার ছিলেন। উপজেলার আড়াইসিধা খানকায়ে রহমানিয়া দরবার শরীফ মাঠে গতকাল জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।