খালেদা জিয়ার রিটের শুনানি হাইকোর্টের তৃতীয় বেঞ্চে শুরু

জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিচারক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দায়েরকৃত দুটি রিট আবেদনের বিষয়ে হাইকোর্টের তৃতীয় বেঞ্চে শুনানি শুরু হয়েছে। বিচারপতি কাজী রেজা-উল হকের বেঞ্চে গতকাল বুধবার এ শুনানি অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার পক্ষে সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এডভোকেট এজে মোহাম্মদ আলী শুনানি করেন। এ সময় খালেদা জিয়ার পক্ষে সুপ্রিম কোর্ট বারের সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, এডভোকেট এম আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম ও ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিত রায়। গত ২৫ মে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ খালেদা জিয়ার দুটি রিট আবেদনের ওপর দ্বিধাবিভক্ত আদেশ দিয়ে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেয়। ওই বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুব রুল জারির পাশাপাশি মামলার বিচারকার্যক্রম তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেন। তবে কনিষ্ঠ বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ দুটি রিট আবেদন সরাসরি খারিজ করে দেন। গতকাল প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এই আবেদন দুটি নিষ্পত্তির জন্য হাইকোর্টের তৃতীয় বেঞ্চে পাঠান। প্রসঙ্গত, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত ১৯ মার্চ খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ নয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত-৩। দুটি মামলায় বিচারক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১২ মে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন খালেদা জিয়া।