ওয়াশিংটনে মহাসাগর বিষয়ক সম্মেলন শেষ
প্রকাশ : ১৮ জুন ২০১৪, ২২:১৬
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির উদ্যোগে ওয়াশিংটনে প্রথমবারের মতো অনুষ্ঠিত মহাসাগর বিষয়ক ‘আওয়ার ওশেন’ আন্তর্জাতিক সম্মেলন গত মঙ্গলবার শেষ হয়েছে। দুই দিনের সম্মেলনের শেষদিনে ভবিষ্যত্ প্রজন্মের জন্য মহাসাগর ও এর সম্পদ রক্ষায় বিভিন্ন দেশের সরকার ও বেসরকারি উদ্যোক্তারা ১৮০ কোটি মার্কিন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ থেকে আসা প্রায় চারশ’ বিজ্ঞানী, সরকারি কর্মকর্তা, মন্ত্রী এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা যোগদান করেন। বাংলাদেশের পক্ষে এই সম্মেলনে যোগদান করেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন দেশের সরকার ও বেসরকারি খাত থেকে ১৮০ কোটি ডলারের প্রতিশ্রুতি মিলেছে। এর মধ্যে নরওয়ের সরকার ১০০ কোটি মার্কিন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এক ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, মহাসাগরীয় জীব বৈচিত্র্য রক্ষা ও অবৈধ মত্স্য শিকার রোধে তার সরকার পরিকল্পনা গ্রহণ করবে। মূলত: আগামী প্রজন্মের জন্য মহাসাগর রক্ষা করাই এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য। সম্মেলনে টেকসই মত্স্য শিকার, সমুদ্র দূষণ এবং মহাসাগরের অম্লত্ব (এসিডিফিকেশন) রোধে জোর দেয়া হয়েছে। অংশগ্রহণকারীরা ৩০ লাখ বর্গ কিলোমিটারেরও বেশি মহাসাগরীয় এলাকা রক্ষায় অঙ্গীকার করেছে।
এদিকে ঢাকায় প্রাপ্ত খবরে বলা হয়েছে, বুধবার পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা। এদিন তার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের জ্যেষ্ঠ পরিচালক নিকোলাস ডিন, কৃষি মন্ত্রণালয়ের অধীন মার্কিন ফোর্সেস সার্ভিসের সহযোগী প্রধান মেরি অগনার, মার্কিন পরিবেশ রক্ষা বিভাগের আন্তর্জাতিক পানি বিষয়ক উপদেষ্টা সাশা কু-ওশিমা (টিবিসি), পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসাগর, পরিবেশ ও বিজ্ঞান ব্যুরোর উপ সহকারী মন্ত্রী ড্যানিয়েল রিফসনাইডারের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এসব বৈঠকে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব, চ্যালেঞ্জ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করার কথা। আগামী ২৬ জুন পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু দেশে ফেরার কথা রয়েছে।