কংগ্রেস নিয়োগকৃত রাজ্যপাল সরানোর উদ্যোগ মোদীর
অঞ্জন রায় চৌধুরী, নয়াদিল্লি
প্রকাশ : ১৮ জুন ২০১৪, ২২:১৭
ভারতে গত কংগ্রেস সরকারের আমলে নিয়োগ দেওয়া ১২ টি রাজ্যের রাজ্যপালকে সরিয়ে উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। ইতোমধ্যে উত্তরপ্রদেশের রাজ্যপাল ভাওরলাল জোসি পদত্যাগ করেছেন। অন্যান্যরা পদত্যাগের বিষয়ে কোনো কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন।
সদ্য ক্ষমতা থেকে যাওয়া কংগ্রেস দল সরকারের এই উদ্যোগের সমালোচনা করেছেন। কংগ্রেস জানিয়েছে, এ ধরনের উদ্যোগ নেওয়া হলে আদালত অবমাননা করা হবে। ২০১০ সালে রাজ্যপালদের সরিয়ে দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল সুপ্রিম কোর্ট। সরকার বদল হলে এদের সরানো যাবে না বলে এক রায়ে বলা হয়। এ বিষয়ে মামলাটি করেছিলেন বর্তমানে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক সংসদ সদস্য। ২০০৪ সালে কংগ্রেস ক্ষমতায় এসে একইভাবে বিজেপি’র নিয়োগকৃত রাজ্যপালদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। তখন ওই সংসদ সদস্য তত্কালীন সরকারের ওই উদ্যোগকে চ্যালেঞ্জ জানান।
রাজ্যপালদের পদত্যাগ করতে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। কেরালার রাজ্যপাল শিলা দিক্ষিত পদত্যাগ করবেন কিনা সেই বিষয়ে জানতে স্বরাষ্ট্রসচিব অনিল গোস্বামী তাকে ফোনও করেছিলেন। শিলা দিক্ষিত ‘না’ বলে দিয়েছেন। শিলা দিক্ষিতের ছেলে সন্দীপ দিক্ষিত বলেন, একজন স্বরাষ্ট্রসচিব রাজ্যপালকে ফোন করতে পারেন? এটা একটা সাংবিধানিক পদ। আর উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা নরেশ আগারওয়াল রাগান্বিত হয়ে বলেন, দেশ কোনো একক দলের নয়। রাজস্থানের রাজ্যপাল মার্গারেট আলভা প্রধামন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। এছাড়া কর্ণাটকের রাজ্যপাল এইআর বরদোয়াজ এবং আসামের জানকি বল্লভ পট্টনায়েক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেছেন। তারা সবাই জানিয়েছেন, তারা পদত্যাগ করবেন না।