চকবাজারে সোনালী ব্যাংক থেকে চারটি ককটেল উদ্ধার
প্রকাশ : ১৮ জুন ২০১৪, ২২:১৯
রাজধানীর চকবাজারে সোনালী ব্যাংক থেকে চারটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উদ্ধারের পর সেগুলো নিষ্ক্রিয় করা হয়। এদিকে তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়ায় ট্রাকের ধাক্কায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
চকবাজার থানার এসআই আব্দুল করিম জানান, চকবাজারে সোনালী ব্যাংকের ঢাকা শিক্ষা বোর্ড শাখার সীমানা প্রাচীরের ভিতরে পরিত্যক্ত অবস্থায় ছিল চারটি ককটেল। সেগুলো লাল টেপ দিয়ে মোড়ানো ছিল। সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ সেগুলো উদ্ধার করে। কে বা কারা, কী উদ্দেশ্যে ককটেলগুলো সেখানে রেখেছিল তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।
এদিকে মঙ্গলবার রাতে পশ্চিম নাখালপাড়ায় ট্রাকের ধাক্কায় পারুল আক্তার (৩৫) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। প্রতিবেশী মোহাম্মদ একরামের তথ্য অনুযায়ী, রাতে কারখানা ছুটির পর বাসায় ফিরছিলেন পারুল। নাখালপাড়ায় বাসার সামনের রাস্তায় একটি ট্রাক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রাত দেড়টায় তার মৃত্যু হয়।