ভারতে বিচার শুরুর আগে নূর হোসেনকে ফিরিয়ে আনার তাগিদ

বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে কোলকাতা থেকে দেশে ফিরিয়ে আনার কার্যকর ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে ওই বর্বর ঘটনার সঙ্গে জড়িত সকলকে শাস্তির মুখোমুখি করে সরকারের ভাবমূর্তি উদ্ধারের জন্যও সংসদীয় কমিটি তাগিদ দিয়েছে। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির তৃতীয় বৈঠকে এই তাগিদ দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি টিপু মুনশি। বৈঠক শেষে টিপু মুনশি সাংবাদিকদের বলেন, নূর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় একটু সময় লাগতে পারে। সেক্ষেত্রে একটা কথা উঠেছে ভারতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা যায় কিনা। কমিটি নূর হোসেনকে দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করার ওপর জোর দিয়েছে। তিনি বলেন, ভারতের আইনভঙ্গের অপরাধে নূর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই দেশের বিচার শেষ না করে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সময় লাগবে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের সঙ্গে যোগাযোগ করে কিভাবে দ্রুত ফিরিয়ে আনা যায় তার ব্যবস্থা নিতে বলেছি। সভাপতি বলেন, ভারতে নূর হোসেন যে অপরাধ করেছে সেটা ছোট অপরাধ। ভারতে বিচার প্রক্রিয়া শুরু হলে দেশে ফিরিয়ে আনা সময় সাপেক্ষ হবে। এখন ভারতের সঙ্গে কথা বলে তাকে যদি দেশে আনা যায়, তাহলে ভালো হয়। এবিষয়ে ইতোমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে বলে বৈঠকে জানানো হয়েছে। কমিটি নূর হোসেনকে ফিরিয়ে আনার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির মুখোমুখি করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে বলেও তিনি জানান। বৈঠকে কমিটি সদস্য প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মোজাম্মেল হোসেন, শামসুল হক টুকু, ওমর ফারুক চৌধুরী, আবুল কালাম আজাদ, আবু সাঈদ আল মাহামুদ স্বপন, ফখরুল ইমাম ও বেগম কামরুন নাহার চৌধুরী অংশ নেন। নাব্যতা হারিয়েছে ৫৩ নৌ-পথ: নৌ-মন্ত্রী নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান জানিয়েছেন, দেশের অভ্যন্তরীণ রুটের ৫৩ নৌ-পথ নাব্যতা হারিয়েছে। নদী পথের নাব্যতা পুনরুদ্ধারের লক্ষ্যে ক্যাপিটাল ড্রেজিং (প্রথম পর্যায়ে ২৪টি এবং দ্বিতীয় পর্যায়ে ২৯টি) প্রকল্পের আওতায় এ সকল নদী পথকে তালিকাভুক্ত করা হয়েছে। গতকাল বুধবার সংসদে ঢাকা-১১ আসনের একেএম রহমতুল্লাহর টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। নৌ-মন্ত্রী বলেন, এই ৫৩ নৌপথের ক্যাপিটাল ড্রেজিং করার জন্য প্রায় ১১ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে এক হাজার ৮৭৩ দশমিক ৬৪ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। যার মধ্যে কতিপয় রুটে ইতিমধ্যে ড্রেজিং শুরু হয়েছে। কুমিল্লা-৮ আসনের নূরুল ইসলাম মিলনের এক প্রশ্নের জবাবে শাজাহান খান জানান, সারা দেশে বিগত বছরে অর্থাত্ ২০১৩ সালে দুর্ভাগ্যজনকভাবে লঞ্চ ডুবিতে ২০ জনের মৃত্যু ঘটেছে। আর চলতি বছর তিনটি লঞ্চ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭৩ জনের। মন্ত্রী বলেন, দুর্যোগ আবহাওয়া, ত্রুটিপূর্ণ নৌযান, ওভারলোডিং, বেআইনী ও বেপরোয়াভাবে নৌযান পরিচালনা ইত্যাদি কারণে মাঝে মধ্যে নৌ দুর্ঘটনা ঘটে। আশা করা যায় সরকারের গৃহিত পদক্ষেপ ও সতর্কতামূলক ব্যবস্থার ফলে অদূর ভবিষ্যতে লঞ্চ দুর্ঘটনার সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। এসময় তিনি লঞ্চ দুর্ঘটনার কারণে যেন আর জীবনাবসান না হয় সে লক্ষ্যে সরকার গৃহিত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।