নরসিংদীতে ৬ খুনের ৭ আসামির ফাঁসি হাইকোর্টে বহাল

নরসিংদীর ভেলানগর গ্রামে একই পরিবারের ছয়জনকে হত্যার ঘটনায় করা মামলায় সাত আসামির ফাঁসির রায় বহাল রেখেছে হাইকোর্টের তৃতীয় বেঞ্চ। গতকাল বুধবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ’র একক বেঞ্চ এ রায় দেন। রায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন: আক্তারুজ্জামান, দুধ মিয়া, ফজলুল হক, জাহাঙ্গীর, স্বপন, শফিক ও শহীদ। এর আগে গত ১৯ জানুয়ারি হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আসামিদের সাজার প্রশ্নে দ্বিধাবিভক্ত রায় দিয়েছিল। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি শহিদুল ইসলাম ৭ আসামিকে বিচারিক আদালতের দেয়া মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে খালাস দেন। অপরদিকে কনিষ্ঠ বিচারপতি আব্দুর রউফ ৭ আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। দ্বিধাবিভক্ত এ আদেশের পর মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের তৃতীয় বেঞ্চে পাঠান। তৃতীয় বেঞ্চের বিচারক বিচারপতি ভাবানী প্রসাদ সিংহ শুনানি গ্রহণ করে সাত আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ আপিল করবে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী এডভোকেট খন্দকার মাহবুব হোসেন। ২০০৭ সালের ১৬ মে নরসিংদীর ভেলানগর গ্রামে একই পরিবারের ৬ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় ২২ মে নিহত সালমা বেগমের বড়ভাই শাহজাহান ভুঁইয়া বাদী হয়ে নরসিংদী সদর থানায় হত্যা মামলা করেন। তদন্তকারী তত্কালীন র্যাব কর্মকর্তা ও বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) বাবুল আক্তার মামলাটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন আদালতে। ২০০৮ সালের ১৭ মার্চ নরসিংদীর অতিরিক্ত দায়রা জজ একেএম আবুল কাশেম এ মামলায় ৭ জনকে ফাঁসি দেন। এ রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল দায়ের করেন। পাশাপাশি ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টে আসে।