রাজনৈতিক ব্যর্থতার কারণে বিনিয়োগ বাড়ছে না
প্রকাশ : ১৮ জুন ২০১৪, ২২:২৫
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বিনিয়োগ বৃদ্ধি না পাওয়াকে দেশের সবচেয়ে বড় সমস্যা হিসাবে আখ্যায়িত করে বলেছেন, রাজনৈতিক ব্যর্থতার কারণে দেশে বিনিয়োগ বাড়ছে না। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনের আইপিডি কনফারেন্স হল রুমে কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে অর্থমন্ত্রী আরো বলেন, পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশে ধনী-দরিদ্র বৈষম্য কমছে।
স্বাস্থ্য ও শিক্ষা খাতে বাজেট বাড়ানোর দাবি যৌক্তিক উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটের সকল ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো সম্ভব নয়। তবে অনেক ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হবে। তিনি বলেন, রেভিনিউ বাড়ানোর জন্য জনশক্তি রপ্তানির খাত সতর্কতার সাথে আমাদের হ্যান্ডেল করতে হবে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ১৪ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।