হবিগঞ্জে হাত-পা ও মুখ বাধা বিবস্ত্র অবস্থায় সাবাজ মিয়া (২৫) নামে এক টমটম (ব্যাটারি চালিত ইজিবাইক) চালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে কামড়াপুর-নসরতপুর বাইপাস সড়কের ধুলিয়াখাল এলাকায় রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। ঘটনাস্থল থেকে টমটম ও নাম্বার বিহীন ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি শহরের আনোয়ারপুর এলাকার মাতাব আলীর ছেলে সাবাজ মিয়া
আরও পড়ুন: জয়ের জন্যই নামবেন সাইফউদ্দিনরা
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সদর মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. সহিদুল ইসলাম ও ওসি তদন্ত জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, সোমবার রাতে টহল পুলিশ ধুলিয়াখাল বাইপাস এলাকায় নির্মাণাধীন বিজিবি ক্যাম্পের কাছে রাস্তার পাশে ঝুপে হাত-পা বাধা একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে তারা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। খোঁজাখুজির পর তার পরিচয় জানতে পেরে খবর দেয় পুলিশ। নিহতের বাবা মাতাব আলী থানায় গিয়ে ছেলের লাশ সনাক্ত করেন। রাতেই অভিযান চালিয়ে পুলিশ এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করে।
নিহতের বাবা মাতাব মিয়া জানান, সাবাজ মাছের ব্যবসা করতো। সময় পেয়ে বিকেল বেলা টমটম চালাতো। সোমবারও বাড়িতে ইফতার শেষে সাবাজ ভাড়া করা একটি টমটম নিয়ে বের হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য তার মরদেহ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।
ইত্তেফাক/এমআরএম