বাংলা বইয়ের গান...
প্রকাশ : ১৯ জুন ২০১৪, ২০:১৬
পাঠ্যপুস্তকের ছড়া-কবিতা নিয়ে তৈরি হলো গান। অ্যালবামের নাম ‘এসো গানে গানে পড়ি’। সামগ্রিক পরিকল্পনা শিল্পী অর্জুন বিশ্বাসের। অ্যালবামটি মোট দুটি ভাগে বাজারে এসেছে। একটি ‘আমার বাংলা বই প্রথম শ্রেণি’ ও ‘আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণি’। অ্যালবামের গানগুলো সাজানো হয়েছে প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ্যপুস্তকের ছড়া-কবিতা নিয়ে। যেখানে শিক্ষার্থীদেরকে সহজে মুখস্ত করার জন্য কবিতাগুলোকে গান আকারে প্রকাশ করা হয়েছে। সুর ও সংগীত পরিচালনা করেছেন অর্জুন বিশ্বাস নিজেই। অ্যালবামটি বাজারে এনেছে এম অডিও ভিশন। গানগুলো হলো—আমাদের দেশে, আমি হবো, আমাদের ছোট নদী, ট্রেন, কাজের আনন্দ, প্রার্থনা। সঙ্গে থাকছে অর্জুন বিশ্বাসের কথা ও সুরে একই রকম দুটি গান। একটির শিরোনাম ‘মাকে ভুল না’, আরেকটি হলো ‘ঋণী’।