প্রথম সম্মেলন কাল শুরু
১৮ অর্থনীতিবিদের নতুন ফোরাম
প্রকাশ : ১৯ জুন ২০১৪, ২০:১৭
দেশের প্রথম সারির ১৮ জন অর্থনীতিবিদের সমন্বয়ে ‘বাংলাদেশ ইকোনোমিস্টস ফোরাম’ নামে নতুন ফোরাম গঠিত হয়েছে। এ ফোরাম নিজেদের সম্পূর্ণ অরাজনৈতিক দাবি করে দেশের পরিবর্তনের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছে। আগামীকাল শনিবার ও রবিবার রাজধানীর র্যাডিসন হোটেলে দু’দিনের সম্মেলনে দীর্ঘমেয়াদে বাংলাদেশের উন্নয়ন বিষয়ে সুপারিশ তুলে ধরবে এ ফোরাম। সম্মেলনে দেশি-বিদেশি অর্থনীতিবিদদের পাশাপাশি, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতারা অংশ নিবেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সম্মেলনের উদ্বোধন করবেন।
গতকাল বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে সম্মেলন পূর্ব সংবাদ সম্মেলনে এসব তুলে ধরেন বাংলাদেশ অর্থনীতি সমিতির প্রথম নির্বাচিত সভাপতি ড. মহিউদ্দিন আলমগীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ও পলিসি রিসার্চ ইন্সটিটিউটের ভাইস চেয়ারম্যান ড. সাদিক আহমেদ।
ড. মহিউদ্দিন বলেন, ৭১ সালে আমরা কেউ ভাবিনি দেশে ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে। তা যেহেতু হয়েছে, ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জনও সম্ভব। এজন্য আমাদের পথ দেখাতে হবে। এ উদ্দেশ্যেই নতুন এ ফোরাম গঠন। এটা কোনো রাজনৈতিক দলের প্লাটফর্ম নয়, সব সরকারের সময় আমরা দেশের ভবিষ্যত্ নিয়ে আলোচনা তুলে ধরব। আর দেশে থাকা এ জাতীয় বিভিন্ন সংগঠনের মতো সমালোচনা না করে আমরা ভবিষ্যত্ উন্নয়নের জন্য করণীয় তুলে ধরবো। দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য কি ধরনের নীতি গ্রহণ করা প্রয়োজন তা তুলে ধরবো। বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর নয়, কোরিয়ার মতো উন্নত দেশ হিসেবে দেখতে চাই।
ড. সাদিক আহমেদ বলেন, আমরা পক্ষপাতহীনভাবে দেশের উন্নয়নের জন্য কি ধরনের কৌশল নেয়া প্রয়োজন তা সব সময় তুলে ধরবো। বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, বাংলাদেশ ২০৫০ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে এটাই আমার স্বপ্ন। উন্নয়নের পথে চ্যালেঞ্জ থাকবে তবে তা অতিক্রম করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী ২১-২২ জুন ‘ভিশন ২০৩০:বহুমাত্রিক গণতন্ত্রে অর্থনৈতিক নীতি ও কৌশল প্রণয়নের একটি কাঠামো’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আরো জানানো হয়, এ ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য ১৮ জন। প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন, ড. সাদিক আহমেদ, ড. মহিউদ্দিন আলমগীর, ড. মুস্তফা কে মুজেরী, ড. আতিউর রহমান, ড. আহসান এইচ মনসুর, ড. মির্জ্জা আজিজুল ইসলাম, ড. জায়েদী সাত্তার, ড. সুলতান হাফিজ রহমান, ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ড. সালেহউদ্দিন আহমেদ, অধ্যাপক এসআর ওসমানি, ড. রিজওয়ানুল ইসলাম, ড. কিউকে আহমাদ, ড. হোসেন জিল্লুর রহমান, খালিদ শামস, ড. মাহবুব হোসাইন, অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ ও অধ্যাপক সালিম রশিদ।