মোরেলগঞ্জে ৫ হাজার জেলে পরিবারের মানবেতর জীবন
মো.মেহেদী হাসান, মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ : ১৯ জুন ২০১৪, ২১:০২
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬ ইউনিয়নের ৫ হাজার মত্স্যজীবীর পৈতৃক জীবিকায়ন বন্ধ হয়ে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছে। ফলে বিকল্প কর্মসংস্থানের জন্য এসব মত্স্যজীবী পরিবার সরকারের কাছে জোর দাবি জানিয়েছে।
সরেজমিনে জানা গেছে, উপজেলা পৌর সদর সংলগ্ন পানগুছি ও বলেশ্বর নদীতে জাটকা ও অন্য প্রজাতির মাছ নিধন বন্ধে মে থেকে নভেম্বর মাস পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।
এতে উপজেলার প্রায় সব জেলেরা বেকার হয়ে পড়েছে। এসব জেলে বিভিন্ন এনজিও, মহাজনদের কাছ থেকে চড়া সুদ ঋণ নিয়ে ব্যয় নির্বাহ করে আসছে। ফলে তারা বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে। উপজেলা মত্স্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৮ হাজার ৩৬৪ জেলে পরিবারের মধ্যে চলতি জাটকা মৌসুমে সরকার ২ হাজার ১শ’ জেলে পরিবারকে প্রতিমাসে ৪০ কেজি করে চাল দিচ্ছে। অপরদিকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না রেখে পানগুছি ও বলেশ্বর নদীতে জাল পাতা বন্ধ হওয়ায় মত্স্য আহরণকারী অন্য প্রায় ৫ হাজার জেলে পরিবার তাদের পরিজন নিয়ে অতি কষ্টে দিনাতিপাত করছেন।