পৃথক ঘটনায় ৮ জনের মৃত্যু
প্রকাশ : ১৯ জুন ২০১৪, ২১:০২
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনাসহ পৃথক ঘটনায় আটজন মৃত্যু হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
বিরল পৌরসভার সচিব
সড়ক দুর্ঘটনায় নিহত
দিনাজপুরের বানিয়াপাড়া রেলগেট এলাকায় গত বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় এ.এস.এম সাইদুর রহমান (৪৫) নামে বিরল পৌরসভার সচিব মারা গেছেন। তিনি মোটর সাইকেলযোগে বিরল পৌরসভা কার্যালয় থেকে দিনাজপুর শহরের বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পর বিরল পৌরসভার প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুম, সহকারী কমিশনার (ভূমি) তোফাজ্জল হোসেন, সদর ইউপি চেয়ারম্যান সবুজার সিদ্দিক সাগর ঘটনাস্থলে যান।
দেবীগঞ্জে যুবকের মৃত্যু
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার খারিজা ভাজনী গ্রামে গত বুধবার সন্ধ্যায় মহেন্দ্রের ধাক্কায় রশিদুল (২৫) নামে এক মোটর সাইকেল আরোহী মারা গেছেন। এ ঘটনায় অপর একজন আহত হয়েছেন। তাকে দেবীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুক্তাগাছায় একজন নিহত
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার লেংড়ার বাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার সিএনজি-অটোর সাথে ট্রাকের সংঘর্ষে ফরিদুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ট্রাক ও সিএনজি আটক করে থানায় নিয়ে গেছে।
বড়াইগ্রামে চালক নিহত
নাটোরের বড়াইগ্রামে গত বুধবার সন্ধ্যায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে শরিফুল ইসলাম (৩২) নামে এক ট্রাক চালক নিহত এবং আরো ১০ বাসযাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, আহতদের মধ্যে ট্রাক চালক শরিফুল ইসলাম রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
গাজীপুরে শ্রমিকের মৃত্যু
গাজীপুর কোনাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় আর আর অ্যাপরেন্স পোশাক কারখানার ওয়াশিং মেশিনে পড়ে গতকাল বৃহস্পতিবার সকালে মো. রাশেদ (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আসলামপুর এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, রাশেদ কারখানার ওয়াশিং মেশিনে পড়ে মাথায় ও হাতে আঘাতপ্রাপ্ত হন। সহকর্মীরা তাকে কোনাবাড়ি আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়ায় ১ ব্যক্তির আত্মহত্যা
রাঙ্গুনিয়া উপজেলার রাজাপাড়ায় গতকাল বৃহস্পতিবার সকালে কবির হোসেন (৩৫) নামে এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সে দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন বলে তার পরিবার জানান।
রাঙ্গুনিয়া থানার ওসি ওয়ালিউল্ল¬া অলি বলেন, ময়না তদন্তের রিপোর্ট পেলে এটা হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করা যাবে।
সাতক্ষীরায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে
চা বিক্রেতার মৃত্যু
সাতক্ষীরা সদর উপজেলার আবাদের হাটে গতকাল বৃহস্পতিবার বিদ্যুত্স্পৃষ্টে মনিরুল ইসলাম নামে এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে। সাতক্ষীরা সদর থানার ওসি ইনামুল হক জানান, মনিরুল ইসলাম নিজ চা স্টলে বিদ্যুতের তার টেনে সংযোগ নিচ্ছিলেন। অসাবধানতাবশত বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
গোয়ালন্দে পানিতে
ডুবে শিশুর মৃত্যু
গোয়ালন্দে গতকাল বৃহস্পতিবার সামিয়া আহম্মেদ (৫) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে যুবদল নেতা সানোয়ার আহম্মেদের একমাত্র মেয়ে।