মহম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ২০

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার আড়মাঝি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার বিকেলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২০ ব্যক্তি আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ১১ জনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আড়মাঝি গ্রামের বাসিন্দা আছাদুজ্জামান জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আড়মাঝি গ্রামের নজির মেম্বর ও হাবিবুর মেম্বরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিকেলে হাবিবুর মেম্বরের পক্ষের জবেদা বেগমের বিরোধপূর্ণ বাঁশঝাড় থেকে নজির মেম্বর বিশ্বকাপ ফুটবলের আজেন্টিনা দলের পতাকা টানানোর জন্য বাঁশ কাটতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকটি হয়। মুহূর্তের মধ্যে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে মহম্মদপুর থানা ও নহাটা ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।