৫৭৭ কোটি টাকার বৈদ্যুতিক
সরঞ্জাম ক্রয়ের অনুমোদন
প্রকাশ : ১৯ জুন ২০১৪, ২১:১৭
নতুন সংযোগ স্থাপনে ৫৭৭ কোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জাম ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নূরুল করিম সাংবাদিকদের জানান, পল্লী বিদ্যুতায়ন সমপ্রসারণের আওতায় ১৮ লাখ গ্রাহককে সংযোগ প্রদান শীর্ষক প্রকল্পের অধীনে বিদ্যুত্ বিভাগের ৫টি ক্রয় প্রস্তাবের বিপরীতে এ অনুমোদন দেয়া হয়েছে।
অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে বিভিন্ন সাইজের ২ লাখ ৪১ হাজার ৭১০টি বৈদ্যুতিক খুঁটির (কাঠের তৈরি ১২ হাজার ৬৫০টি ও ২ লাখ ২৯ হাজার ৬০টি এসপিসি খুঁটি) তিনটি প্রস্তাব এবং ১৭ হাজার ৮৫০ কিলোমিটার কন্ডাক্টর (ইন্সুলেটেড ৪ হাজার ৮শ’ কিলোমিটার ও ১৩ হাজার ৫০ কিলোমিটার বেয়ার কন্ডাক্টর) ক্রয়ের দুটি প্রস্তাব রয়েছে। তিনি আরো জানান, বৈঠকে মোট ৮টি প্রস্তাব অনুমোদিত হয়েছে। বাকিগুলোর মধ্যে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের আউট-সোর্সিং পদ্ধতিতে ‘মেশিন রিডেবল পাসপোর্ট’ (এমআরপি) ফি’র অতিরিক্ত ৯ ডলার সার্ভিস চার্জ হিসেবে গ্রহণের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এ কাজটি পেয়েছে ‘আইরিশ কর্পোরেশন পারহার্ট কনসোর্টিয়াম’।
নির্বাচন কমিশনের ডিজাস্টার রিকভারি সিস্টেম মেইন্টেন্যান্স, সাপ্লাই ও ইন্সটলেশনের (কন্ট্রাক্ট প্যাকেজ-জি ২) জন্য ‘টাইগার আইটি বাংলাদেশ লিমিটেড’কে মালামাল ও সেবা সরবরাহের জন্য কার্যাদেশ জারি ও চুক্তি সম্পাদনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৫৭ কোটি ৫১ লাখ ৬৯ হাজার টাকা। অনলাইন ব্যাংকিং সিস্টেমে মোটর ভেহিক্যাল ট্যাক্স ও ফিস আদায় সংক্রান্ত বিদ্যমান চুক্তির অতিরিক্ত সেবা (ভেরিয়েশন অর্ডার) বাবদ ২৫ কোটি ৯৯ লাখ টাকা অনুমোদন হয়েছে। এ প্রকল্পে আগে ব্যয় ধরা হয়েছিল ৪২ কোটি ৭ লাখ টাকা, এখন ৭৮ কোটি ৫৮ লাখ টাকা ব্যয় হবে।