ক্যামেরুনকে বিদায় করলো ক্রোয়েশিয়া

তারকা স্ট্রাইকার মারিও মানজুকিচের দ্বিতীয়ার্ধের জোড়া গোলে গতকাল মানাউসে ১০ জনের ক্যামেরুনকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ক্রোয়েশিয়া। এর ফলে টানা দুই ম্যাচের হার নিয়ে এবারের বিশ্বকাপ খালি হাতে বিদায় নিশ্চিত হয়েছে আফ্রিকান সিংহদের। এ-গ্রুপের প্রথম ম্যাচে স্বাগতিক ব্রাজিলের কাছে ৩-১ গোলে পরাজিত হবার পরেও এই জয়ের ফলে ক্রোয়েশিয়ার দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা এখনো টিকে থাকলো। অন্যদিকে পুরো ৫০ মিনিট একজন খেলোয়াড় কম নিয়ে খেলার পাশাপাশি বড় ব্যবধানে পরাজয় ক্যামেরুনের বিদায় ত্বরান্বিত করেছে। মিডফিল্ডার অ্যালেক্স সং মানজুকিচের পিছনে ঘুষি মারায় লাল কার্ড দেখেন। অভিজ্ঞ স্ট্রাইকার ইভিচা অলিচের গোলে বিরতির আগে এগিয়ে যায় ক্রোয়াটরা। এরপর ইভিচার উল্ফসবার্গ সতীর্থ ইভান পেরিসিচ ব্যবধান দ্বিগুণ করেন। আর ক্যামেরুনের কফিনে শেষ দুটো পেরেক ঠুকে দেন মানজুকিচ। এই জয়ের ফলে নিকো কোভাকের ক্রোয়েশিয়া যৌথভাবে শীর্ষে থাকা ব্রাজিল ও মেক্সিকোর তুলনায় মাত্র এক পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে। আর দুই ম্যাচে কোন পয়েন্ট না পেয়ে তলানিতে রয়েছে ক্যামেরুন। শেষ ১৬তে জায়গা করে নিতে সোমবার রেসিফেতে মেক্সিকোর মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। ম্যাচের শুরুতেই মূলত ক্যামেরুনের অর্ধেক আশা নষ্ট হয়ে যায় অধিনায়ক স্যামুয়েল ইতোর ইনজুরির খবরে। হাঁটুর ইনজুরি থেকে পুরোপুরি ফিট হয়ে উঠতে না পারায় মূল একাদশে তো নয়ই পরবর্তীতে পুরো ম্যাচই বেঞ্চে বসে কাটাতে হয়েছে এই তারকাকে। অন্যদিকে প্রথম ম্যাচে সাসপেনশনের কারণে মাঠের বাইরে থাকার পরে ক্রোয়েশিয়ান দলে ফিরেছিলেন বায়ার্ন মিউনিখ তারকা মানজুকিচ। আর তার ম্যাচে ফেরাই এখন ক্রোয়েটদের শেষ ষোলোর স্বপ্ন দেখাচ্ছে। মেক্সিকোর বিপক্ষে ক্যামেরুন প্রথম ম্যাচে ১-০ গোলে পরাজিত হয়েছিল। আফ্রিকান সিংহদের বিপক্ষে ম্যাচে এগিয়ে যেতে মাত্র ১১ মিনিট সময় নিয়েছে ক্রোয়েশিয়া। পেরিসিচের দূরপাল্ল¬ার পাস থেকে বল পেয়ে ক্যামেরুন গোলরক্ষক চার্লস ইটানজেকে খুব কাছ থেকে পরাস্ত করেন অলিক। এরপর ক্যামেরুনের দুঃস্বপ্নে আরো একটি পালক যোগ করেন বার্সেলোনার মিডফিল্ডার সং। পর্তুগালের পেপে এবং উরুগুয়ের ম্যাক্সি পেরেইরার পরে তৃতীয় খেলোয়াড় হিসেবে এবারের বিশ্বকাপে লাল কার্ড পেয়ে তিনি যখন বাইরে চলে যান ক্রোয়েশিয়া যেন গোলনেশায় মেতে ওঠে। ৪৮ মিনিটে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন পেরিসিচ। ৬১ মিনিটে কর্নার থেকে প্রথমটি এবং ৭৩ মিনিটে দ্বিতীয় গোল করেন মানজুকিচ। ম্যাচ শেষের বাঁশি বাজার আগমুহূর্তে বার্সেলোনার নতুন চুক্তিভুক্ত মিডফিল্ডার ইভান রাকিটিচ ক্রোয়েশিয়ার পক্ষে পঞ্চম গোলের দারুণ এক সুযোগ হাতছাড়া করেন।—বাসস