মংলা বন্দরে ৩ নম্বর সংকেত, পণ্য বোঝাই ও খালাস ব্যাহত

উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণে মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। গভীর সঞ্চরণশীল মেঘমালা ও বায়ুচাপের তারতম্যের প্রভাবে মংলা বন্দরসহ আশপাশের উপকূলীয় এলাকার উপর দিয়ে বুধবার বিকাল থেকে বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বৃহস্পতিবারও মংলা বন্দরে অবস্থানরত সার ও ক্লিংকারবাহী দেশি-বিদেশি সকল জাহাজের পণ্য বোঝাই-খালাস কাজ এবং পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানান বন্দর ব্যবহারকারীরা। সাগর উত্তাল থাকায় মাছ ধরতে যাওয়া জেলেরো নৌকা-ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদে আশ্রয় নিতে শুরু করেছে বলে জানায় বনবিভাগ। টানা বৃষ্টিপাতের কারণে জনজীন বিপর্যস্ত হয়ে পড়েছে। চরম বিপাকে পড়েছে এখানকার খেটে খাওয়া দিন মজুরেরা।