তারেক সাঈদকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ

সাত খুনের ঘটনায় গ্রেপ্তারকৃত চাকুরীচ্যুত র্যাব কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় কঠোর নিরাপত্তা ব্যবস্থায় একটি প্রিজন ভ্যান করে তারেককে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। সেভেন মার্ডারের ঘটনায় ৬ দফায় টানা ৩২ দিনের রিমান্ড শেষে বুধবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন তারেক সাঈদ। পরে বিকেলে তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়। কারাগারে পৃথক একটি সেলে তাকে রাখা হয়েছিল। রাতে তার সঙ্গে কেউ দেখাও করেনি। সাধারণ বন্দীদের খাবার দেওয়া হয় তাকে। নারায়ণগঞ্জ কারাগারে তারেক সাঈদকে রাখা হলে বন্দীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে এ আশঙ্কাতেই তাকে ঢাকা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে কারাগারের একটি সূত্র। তারেক সাঈদকে কেন্দ্রীয় কারাগারে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল গেট কর্মকর্তা মিন্টু মিয়া। তবে তিনি এর বেশী কোন কিছু বলতে রাজী হননি। এর আগে গত ৭ জুন সেভেন মার্ডারের ঘটনায় অবসরে পাঠানো সেনাবাহিনীর মেজর আরিফ হোসেন ও নৌ বাহিনীর লে. কমান্ডার এম রানাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।