আশুলিয়ায় মাদক কেনার টাকা না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

আশুলিয়ায় মাদকের কেনার টাকা না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে এক মাদকাসক্ত স্বামী। এ ঘটনায় ওই মাদকাসক্ত স্বামীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা। শিল্পাঞ্চল ধামসোনা ইউনিয়নের সুবন্দী তালটিকি এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। হতভাগ্য ওই স্ত্রীর নাম জলি আক্তার (২৪)। তিনি স্থানীয় ঢাকারিয়া নামে এক পোশাক কারখানার শ্রমিক ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত জলির কাছে গতকাল সকালে মাদকের টাকা দাবি করেন তার স্বামী মবিন হোসেন। এ সময় তাদের ২ জনের মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে মাদকের টাকা না দিয়েই জলি কাজে যোগ দিতে বাসা থেকে বের হলে তাকে ধাওয়া দেয় মবিন। পরে বাড়ির কাছে একটি পুকুরের পাশে জলিকে ধরে মবিন দা দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই জলি মারা যান। এ সময় স্থানীয়রা মাদকাসক্ত মবিনকে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক আরাফাত হোসেন বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।