দুর্নীতির অভিযোগে সুনামগঞ্জের ডিসি বদলি শহরে মিষ্টি বিতরণ
প্রকাশ : ১৯ জুন ২০১৪, ২২:১৭
দুর্নীতির অভিযোগে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামীন চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে ঝিনাইদহের জেলা পরিষদ এর নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ আদেশ দেয়। তবে ইয়ামীন চৌধুরীকে কোথায় বদলি করা হয়েছে জানা যায়নি। তার বদলির সংবাদে শহরে মিষ্টি বিতরণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জেলা প্রশাসক জলমহাল-বালু মহালের ইজারাদারদের কাছ থেকে কমিশন নিতেন। তার বিরুদ্ধে দেড় বছর আগে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দুর্নীতির অভিযোগ করেন। সমপ্রতি ধোপাজান-যাদুকাটা বালু-পাথর মহালে চাঁদাবাজ ইজারাদারদের সঙ্গে তার আঁতাতের বিষয়টি প্রকাশ্যে চলে আসে। তার বিরুদ্ধে ২০১১ সালে মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক ইয়ামীন চৌধুরীর মোবাইল ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।
বৃহস্পতিবার দুপুরে শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্টে সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শামীম চৌধুরী শামু, রাজনীতিক আশরাফুজ্জামান, ইউপি সদস্য নুরুজ্জামানের নেতৃত্বে মিষ্টি বিতরণ করা হয়। জেলা প্রশাসককে দুর্নীতিবাজ উল্লেখ করে তারা বলেন, তিনি সাড়ে ৩ বছর দায়িত্বে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। দুর্নীতির দায়ে তাকে একদিন সুনামগঞ্জে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।