বগুড়ায় বিএনপি জামায়াতের দুইশ’ নেতা-কর্মী কারাগারে

সাঈদীকে চাঁদে দেখার গুজব বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি-জামায়াতের প্রায় দুইশ’ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহম্মেদ শাহরিয়ার তারিক এই আদেশ দিয়েছেন। একই মামলায় অভিযুক্ত নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত । গত বছরের ৩ মার্চ জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে কয়েক হাজার বিএনপি-জামায়াতের নেতাকর্মী নন্দীগ্রাম উপজেলা পরিষদ ভবনে হামলা চালায়। তারা সেখানে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এতে উপজেলা পরিষদের ১৬টি দপ্তরের সকল প্রকার ফাইল এবং আসবাবপত্র ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানের ২টি গাড়ি ভস্মীভূত হয়। এ ঘটনায় থানায় দায়ের করা মামলায় পুলিশ বিএনপি-জামায়াতের ২৬৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করে। ওই মামলায় বৃহস্পতিবার উপজেলা জামায়াতের সেক্রেটারী মঞ্জুরুল ইসলাম রাজু ও জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওঃ ফজলে রাব্বী তোহাসহ ১৯৩ জন নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক শুনানি শেষে জামিন না মঞ্জুর করে আসামিদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসাথে মামলায় অভিযুক্ত নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম মন্ডলসহ অন্যান্য যারা আদালতে হাজির হয়নি সকলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।