একটি কাঁচের গ্লাসের জন্য শিশু গৃহকর্মীকে পিটিয়ে হত্যা
প্রকাশ : ১৯ জুন ২০১৪, ২২:১৭
গৃহকর্তা গ্রেফতার
একটি কাঁচের গ্লাস ভেঙ্গে ফেলা ছিল শিশু গৃহকর্মী দিতি মনির (১৫) অপরাধ। আর এই অপরাধে গৃহকর্তা তাকে লাঠি দিয়ে মারপিট করে। আহত অবস্থায় চিকিত্সাধীন ছিল তেজগাঁও আয়শা মেমোরিয়াল হাসপাতালে। গতকাল বৃহস্পতিবার সে মারা গেছে। ঘটনাটি ঘটে রূপনগরের ফারদিন ইসলামের বাড়িতে। এ ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করেছে।
রূপনগর থানার ওসি শিকদার মুহাম্মদ শামীম হোসেন জানান, কয়েক মাস ধরে দিতি মনি রূপনগরের ২০ নম্বর সড়কের ২২ নম্বর বাসায় গৃহকর্মীর কাজ করতো। গত ১৬ জুন গৃহকর্তা ফারদিন ইসলাম তাকে নির্মমভাবে মারধর করে। এসময় দিতির মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে নেয়া হয় তেজগাঁও আয়শা মেমোরিয়াল হাসপাতালে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের মা হাসিনা বেগম জানান, একটি কাঁচের গ্লাস ভেঙ্গে ফেলার কারণে নির্যাতন করে তার মেয়েকে খুন করা হয়েছে। তিনি এ হত্যার বিচার চান। নিহত দিতির বাবার নাম মো. জাহাঙ্গীর হোসেন। তাদের বাড়ি পটুয়াখালীর কলাপাড়ায়।