নারায়ণগঞ্জে পুড়ে যাওয়া ১১৬ দোকানের মালিক পেল আর্থিক অনুদান

নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেইট এলাকায় দেওভোগ কাপড়ের মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১৬ জন দোকান মালিককে প্রাথমিকভাবে দোকান নির্মাণ করে ব্যবসা চালিয়ে যেতে নগদ ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়েছে ৭টি জাতীয় সংগঠন ও ৩৩টি জেলাভিত্তিক সংগঠন নিয়ে গঠিত নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। দেওভোগ আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে অনুদান প্রদান করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুরুল হক। তিনি বলেন, পরবর্তী সময়ে চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন—ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি রাশেদ সারোয়ার, দেওভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন মনা, দেওভোগ পোশাক প্রস্তুতকারী দোকান মালিক সমিতির সভাপতি নিলু ভুঁইয়া প্রমুখ।