‘অসম্ভব’ সমীকরণ
প্রকাশ : ২০ জুন ২০১৪, ১৯:৩৬
গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয়ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে মূল্যবান ৩ পয়েন্ট নিয়ে টিকে থাকলো দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের আশা। অন্যদিকে ইংল্যান্ডকে টিকে থাকতে কষতে হচ্ছে অনেক জটিল হিসাব। প্রায় অসম্ভব হলেও এখনও ক্ষীণ একটা সম্ভাবনা বেঁচে আছে ইংল্যান্ডের সামনে।
প্রথমেই তাদের তাকাতে হচ্ছে গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত ইতালি-কোস্টারিকার ম্যাচের দিকে। এই লড়াই ড্র হয়ে থাকলে কোস্টারিকার বিপক্ষে ইংল্যান্ডের শেষ ম্যাচটা নিছক আনুষ্ঠানিকতায় পরিণত হবে। প্রস্তুতি নিতে হবে দেশে ফেরার। তবে ইতালি-কোস্টারিকার ম্যাচ জয়-পরাজয়ের মধ্যদিয়ে শেষ হলে কিছুটা হলেও আশা টিকে থাকবে রয় হজসনের দলের। সেক্ষেত্রে মঙ্গলবার রাতে ইতালি-উরুগুয়ে ম্যাচেও জয়-পরাজয় কামনা করতে হবে ইংল্যান্ডের। একই সঙ্গে একই রাতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কোস্টারিকাকে অবশ্যই হারাতে হবে রুনিদের। তাই হলে দ্বিতীয় দল হিসেবে নক-আউট পর্বে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা থাকবে ১৯৬৬ সালের চ্যাম্পিয়নদের! সেক্ষেত্রে গোল ব্যবধানের হিসাবও কষতে হতে পারে ইংল্যান্ডকে।