ঢাকার ছবি প্রসঙ্গে নারগিস ফাকরি

বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে বিনোদন প্রতিদিনের সাথে কথা বললেন বলিউড সুপারস্টার নারগিস ফাকরি। বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা স্বপন আহমেদের চলচ্চিত্রে প্রথমদিকে শোনা গিয়েছিল নারগিস ফাকরি অভিনয় করছেন অভিনেতা ইমনের বিপরীতে। এ নিয়ে কিছু খবরও প্রকাশ হয়েছিল। অবশেষে শিডিউলে বনিবনা না হওয়ায়, নারগিসই নির্মাতাকে অনুরোধ জানান তার ঘনিষ্ঠ বন্ধু মিস ইউনিভার্স উর্বশীকে নিয়ে কাজ করার। এমনকি বান্ধবীর সেটেও আসেন শুটিং দেখতে। নারগিস ফাকরি বলেন, ‘আমার খুব ইচ্ছে ছিল স্বপন ভাইয়ের ‘পরবাসিনী’তে কাজ করার। কিন্তু নিজের শিডিউল মেলাতে পারিনি। কারণ এই ধরনের ছবিতে আমি কাজ করতে চাই। তবে বাংলাদেশের চলচ্চিত্র যে এতটা উন্নতি করেছে, সেটিই আমাকে আরও বেশি উদ্বুদ্ধ করেছে। আমি অবশ্যই স্বপনের পরবর্তী যেকোনো ছবিতে কাজ করতে চাই।’ উল্লেখ্য, দেশের সর্বপ্রথম সায়েন্স ফিকশন-নির্ভর চলচ্চিত্র ‘পরবাসিনী’র সর্বশেষ শুটিং হয়ে গেল মুম্বাইতে। সেখানেই মডেল উর্বশীর সাথে শুটিং সেটে হঠাত্ করেই হাজির হন নারগিস ফাকরি। এ প্রসঙ্গে নির্মাতা স্বপন আহমেদ বলেন, ‘নারগিসের সাথে আমার ফ্রান্সে দেখা হয় প্রথম। সেখানেই আমাদের ছবির কিছু শুটিং ফুটেজ দেখে আমার ছবিতে কাজ করার আগ্রহ জানায়। কিন্তু কাজ করতে না পেরেও সরি বলার জন্য যে তিনি সেটে আসবেন তা আমি ভাবতেই পারিনি।’