কয়রায় দেড় হাজার বিঘা জমিতে ফসল হচ্ছে না
মোহাঃ হুমায়ূন কবির, কয়রা (খুলনা) সংবাদদাতা
প্রকাশ : ২০ জুন ২০১৪, ২০:৩৯
উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের গোলখালি ও খাঁ পাড়ার দেড় হাজার বিঘা জমিতে জলাবদ্ধতার কারণে এবারও আমন আবাদ হবে না।
জানা গেছে, প্রলয়ঙ্ককরী আইলার সময় জলোচ্ছ্বাসে ওই এলাকার গোলখালি ও খাঁ পাড়ার প্রায় ১৫শ’ বিঘা জমিতে ঢুকে পড়ে লোনা পানি। সেই পানি নিষ্কাশন করতে না পারায় নিমজ্জিত জমিতে মাছ চাষ কিংবা ধান চাষ করা যাচ্ছে না।
সমাজসেবক আব্দুস সামাদ খাঁ বলেন, আইলার আগে বেড়িবাঁধে পাইপ বসিয়ে পানি নিষ্কাশন করা হতো। এখন সেই সুযোগ না থাকায় পানি নিষ্কাশন করা সম্ভব হচ্ছে না। ইউপি সদস্য নাসের আলী বলেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা হলে প্রায় ১৫শ’ বিঘা জমিতে ধান কিংবা মাছ চাষ করা যাবে। সমাজ সেবক আব্দুর রউফ ফারুকী টোটন বলেন, দ্রুত স্লুইস গেট নির্মাণ করে পাউবোর বেড়িবাঁধে পাইপ বসিয়ে পানি নিষ্কাশন করা গেলে এ বছর ফসল উত্পাদন করা যাবে। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এমএমএ মান্নান বলেন, জলাবদ্ধতার বিষয়টি পাউবো কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পাউবোর সেকশন কর্মকর্তা আব্দুল মতিন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সিদ্ধান্ত এলেই পানি নিষ্কাশন করে ১৫ শ’ বিঘা জমিতে আবারো চাষ করা সম্ভব হবে।