এহসান সোসাইটির ম্যানেজার ৮০ লাখ টাকা নিয়ে লাপাত্তা

মহেশপুরে এহসান সোসাইটি নামে একটি প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে গরীব মানুষের অতিকষ্টে উপার্জিত জমা দেয়া প্রায় ৮০ লাখ টাকা আত্মসাত্ করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানের অফিসটি দীর্ঘদিন যাবত্ বন্ধ থাকার কারণে গ্রাহকরা এসে ফিরে যাচ্ছে। গ্রাহকরা খোঁজ নিলে জানাজানি হয় প্রতিষ্ঠানে মহেশপুরের ম্যানেজার মুফতী আব্দুল কুদ্দুস প্রায় ৮০ লাখ টাকা আত্মসাত্ করেছে। মহেশপুরের গরীব মানুষ অধিক মুনাফার আশায় একবার কাজলের হুন্ডি, জনকল্যাণ, ডেসটিনি এবং সর্বশেষ এহসান সোসাইটিতে টাকা জমা দিয়ে এবার দিশেহারা হয়ে পড়েছে। গ্রাহকরা জানিয়েছে তারা এখানে টাকা রাখতো এই কারণে এখানে ইসলামী শরীয়া মোতাবেক টাকার মুনাফা দেয়া হবে। প্রতিষ্ঠানটি ইসলামের নাম ভাঙ্গিয়ে এলাকার অনেক মানুষের কাছ থেকে অর্থ উত্তোলন করেছে। বৈচিতলা গ্রামের আব্দুল গনি জানান, তার এহসান সোসাইটিতে ২ লাখ টাকা জমা রয়েছে। তিনি টাকা উত্তোলন করতে গিয়ে জানতে পারেন অফিসের ম্যানেজার মুফতী আব্দুল কুদ্দুস টাকা নিয়ে উধাও হয়ে গেছে। এমনিভাবে জমিদারপাড়ার তরিকুল ইসলাম খোকা ২৪ হাজার, আব্দুর রউফ মন্টু ১৬ হাজার, জলিলপুর গ্রামের আতা উল্লাহ ১ লাখ, পোড়াপাড়া গ্রামের মাসুদুর রহমানের ৭ লাখ ৮০ হাজার টাকা ও আরো অনেকের টাকা রয়েছে এ প্রতিষ্ঠানে।