জলবায়ু পরিবর্তনে বিপর্যস্ত কমলগঞ্জের বৃক্ষ ও বন্যপ্রাণি
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ : ২০ জুন ২০১৪, ২০:৫১
জলবায়ু পরিবর্তনের প্রভাবে টিলা, সমতল, চা বাগান ও বনাঞ্চল পরিবেষ্টিত মৌলভীবাজারেও পরিবেশ বিপর্যয়ের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। সমপ্রতি সময়ে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য হারে হ্রাস-বৃদ্ধি ঘটছে। বৃষ্টির সময়ে খরা, খরার সময়ে বৃষ্টি, গরমের দিনে ঘন কুয়াশা, পাহাড় ধস, ভূমি ফাটলসহ বিভিন্ন প্রভাব পরিলক্ষিত হচ্ছে। লাউয়াছড়া জাতীয় উদ্যানে রয়েছে উল্লুকসহ শত শত বিরল প্রজাতির জীবজন্তু, পাখি-উদ্ভিদ। এ বনের আশ-পাশের চা বাগানসমূহও এক সময় ছিল অরণ্য। সিন্ডিকেট কাঠ চোর চক্র তাদের মুনাফার প্রয়োজনে বন-জঙ্গলের প্রায় সবটাই কেটে ফেলছে। এতে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে অরণ্য নির্ভর শত প্রজাতির প্রাণী ও উদ্ভিদ।
প্রাকৃতিক বন ধ্বংস করে দ্রুত বর্ধনশীল বিদেশি প্রজাতির গাছ দিয়ে কৃত্রিম বন তৈরি করা হচ্ছে। এখানকার বিভিন্ন টিলাভূমি ও চা বাগানসমূহে রাবার চাষাবাদ হচ্ছে। গবেষকদের মতে, রাবার গাছ পরিবেশের জন্য ক্ষতি করে। এসকল গাছ থেকে বন্যপ্রাণী খাদ্য সংগ্রহ করতে পারে না, গাছের নিচে কৃষি ও মত্স্য চাষাবাদ ব্যাহত হয়। চা বাগান ও কৃষি চাষাবাদে ক্ষতিকর ঘাস মারার কীটনাশক ও রাসায়নিক সার নদী কিংবা জলাভূমিতে পড়ে মাছ, ব্যাঙ, সাপসহ জলজ প্রাণী মারা যাচ্ছে।
কমলগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত মত্স্য কর্মকর্তা মোঃ আসাদ উল্লা বলেন, কমলগঞ্জের জলাভূমিসমূহ এমনিতেই ভরাট হয়ে গেছে। এখানে এক সময়ে কিছু হাওর, বিল ও ডোবা থাকলেও এগুলো এখন নেই বললেই চলে। কৃষিজমি ভরাট করে অপরিকল্পিতভাবে বাসগৃহ ও ব্যবসা-বাণিজ্য গড়ে তোলা হচ্ছে।