নোয়াখালীর ১২টি সরকারি হাইস্কুলের ১১টিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

নোয়াখালী জেলার ১২টি সরকারি হাইস্কুলের মধ্যে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ছাড়া ১১টিতে দীর্ঘ বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে পরিচালিত হচ্ছে। স্কুলগুলোতে কখনো সহকারী প্রধান শিক্ষক আবার কখনো জ্যেষ্ঠ শিক্ষকরা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। গত ২০১১ সালের জুলাই মাস থেকে জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ নোয়াখালী জেলা স্কুলের প্রধান শিক্ষকের পদ, ২০০৮ সালের ডিসেম্বর থেকে বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ, ২০০১ সালের ফেব্রুয়ারি মাস থেকে বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ , ২০০২ সালের ফেব্রুয়ারি মাস থেকে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ , ২০০৬ সালের ১ এপ্রিল থেকে চাটখিল পিজি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ, ২০০৭ সালের ৭ নভেম্বর থেকে চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ, ২০০৭ সাল থেকে কোম্পানীগঞ্জের বসুরহাট এ এইচ সি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি ও একই বছর থেকে উপজেলার মাকসুদা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ এবং ১৯৮৮ সালে দ্বীপ উপজেলা হাতিয়ার ওছখালী কে এস এস উচ্চ বিদ্যালয়টি জাতীয়করণ করার পর থেকে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকের পদটি শূন্য রয়েছে। ১৯৯৬ সাল থেকে একই উপজেলার হাতিয়া শহর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে । এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল হক জানান, সময়মত পদন্নোতি ও সরাসরি নিয়োগ না দেয়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে স্কুলগুলো চালাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত দিয়ে স্কুলগুলো পরিচালনা করায় অধিকাংশ বিদ্যালয়েই নিয়ম-শৃঙ্খলা ঠিক থাকে না।